সোমালিয়ায় আল শাবাবের হামলায় নিহত ১৩
সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি আবাসিক হোটেলে আল শাবাব জঙ্গিদের আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।
রোববার বিস্ফোরকভর্তি একটি গাড়ি হোটেলটির গেটের দিকে চালিয়ে নিয়ে বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী।
প্রত্যক্ষদর্শী রয়টার্সের একজন সাংবাদিক জানিয়েছেন, ঘটনাস্থল জাজিরা হোটেলের প্রবেশ পথে রক্ত ও মাংসের টুকরা ছড়িয়ে রয়েছে, কাছাকাছি চারটি গাড়ির ধ্বংসস্তুপ পড়ে রয়েছে।
আব্দিকাদির আব্দিরহমান নামের একজন অ্যাম্বুলেন্স চালক বলেছেন, “আমরা ১৩টি মৃতদেহ ও ২১ জন আহতকে বহন করেছি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।”
জাজিরা হোটেলটিতে সোমালিয়ার চীনা দূতাবাসের অবস্থান। চীনা পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাসে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এক চীনা নাগরিক হামলায় নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।
পুলিশ কর্মকর্তা মেজর নুর অসোবলে জানিয়েছেন, এক আত্মঘাতী গাড়িবোমার আঘাতে হোটেলটির প্রবেশ পথ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে, হোটেলের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার দায় স্বীকার করে আল শাবাবের মুখপাত্র শেখ আব্দিয়াসিস আবু মুসাব বলেছেন, “আল শাবাবের ওপর এমআইএসওএম (আফ্রিকান ইউনিয়নের বাহিনী) ও সোমালি সরকারের হামলা ও হেলিকপ্টার যোগে বোমার্বষণের জবাব এটা।”
সোমালি সেনাবাহিনীর পাশাপাশি আফ্রিকান ইউনিয়নের সেনারাও আল শাবাব জঙ্গিদের দমনে অভিযান চালিয়ে আসছে। দুই বাহিনীর সম্মিলিত অভিযানে কোনঠাসা হয়ে পড়েছে জঙ্গিগোষ্ঠীটি।
