২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লস অ্যাঞ্জেলসে পুলিশের গুলিতে যুবক নিহত 

লস অ্যাঞ্জেলসের একটি ব্যস্ত রাস্তায় পিস্তল দিয়ে ফাঁকা গুলি করার সময় পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Jul 2015, 03:20 PM

Updated : 25 Apr 2022, 01:39 PM

শুক্রবার বিকেলে শহরের সানফ্রান্ডো ভ্যালির প্রধান সড়কে এ ঘটনা ঘটেছে বলে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে লস অ্যাঞ্জেলস পুলিশ। 
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, দোকান ও গাড়িতে জনাকীর্ণ ওই এলাকায় এক ব্যক্তি পিস্তল দিয়ে গুলি করছে খবর পেয়ে পুলিশ সেখানে হাজির হয়।   
 
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই ব্যক্তির মনযোগ আকর্ষণ করার চেষ্টা করেন ও তাকে অস্ত্র ফেলে দেওয়ার জন্য বারবার অনুরোধ করেন। কিন্তু পুলিশের কথায় কান না দেওয়ায় তাকে গুলি করা হয় ও তাতে তিনি নিহত হন বলে জানিয়েছে পুলিশ। 
 
এ ঘটনায় অন্য কেউ আঘাত পাননি। নিহত ব্যক্তির কাছে থাকা একটি ব্যাগ পরীক্ষার জন্য বোমা স্কোয়াডকে তলব করা হয় বলে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত ব্যক্তির মুখে দাড়ি ছিল এবং গ্রীষ্মের গরম আবহাওয়ার মধ্যেও তিনি একটি জ্যাকেট পরে ছিলেন। 
 
নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ এবং তার গুলিবর্ষণের উদ্দেশ্যও জানা যায়নি। 
ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল উদ্ধার করেছে।