২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসের বিরুদ্ধে তুরস্কের প্রথম বিমান হামলা 

প্রথমবারের মতো সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) অবস্থানে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Jul 2015, 12:15 PM

Updated : 25 Apr 2022, 01:39 PM

শুক্রবার প্রথম হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই তুর্কি জঙ্গি বিমানগুলো দ্বিতীয়বারের মতো আইএসের অবস্থানে হামলা চালায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো । 
 
একই সময় অন্য কয়েকটি তুর্কি জঙ্গি বিমান উত্তর ইরাকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) শিবিরগুলোতেও হামলা চালায়। 
 
এসব হামলার পর তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ান ইসলামিক জিহাদি ও কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে আরো দৃঢ় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 
 
প্রথম হামলার খবরটি নিশ্চিত হলেও দ্বিতীয় হামলার খবরটি নিশ্চিত করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। 
 
ইরাকে পিকেকে-র শিবিরে বিমান হামলা আঙ্কারার সঙ্গে কুর্দিদের চলমান শান্তি প্রক্রিয়ায় বড় ধরনের আঘাত হয়ে দেখা দেবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তবে হামলার আগে থেকেই শান্তি প্রক্রিয়ায় অচলাবস্থা দেখা দিয়েছিল। 
 
এই সামরিক অভিযান শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এরদোয়ান। ওবামার সঙ্গে এরদোয়ানের আলাপের পর পরই দেশের ভিতরে ইসলামিক জঙ্গি ও কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে তুর্কি পুলিশ। 
  
অভিযানে সন্দেহভাজন কুর্দি বিদ্রোহীসহ কয়েকশ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। 
 
ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর বিমান হামলা চলছে। এই অভিযানে তুরস্কের বিমানঘাঁটিগুলো যুক্তরাষ্ট্র ব্যবহার করতে চাইলেও তুরস্ক রাজি ছিল না। কিন্তু সীমান্ত শহর সুরুকে আইএসের আত্মঘাতী হামলায় অন্ততপক্ষে ৩১ জন নিহত হওয়ার পর অবস্থান পরিবর্তন করে বিমানঘাঁটি ব্যবহার করার অনুমতি দিয়েছে তুরস্ক। 
 
শুধু তাই নয়, তুরস্কও আইএসের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে। 
 
এর আগ পর্যন্ত আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে এক নিস্ক্রিয় অংশীদার ছিল তুরস্ক। এর চেয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার ওপরই জোর দিচ্ছিল দেশটি। পাশাপাশি কুর্দি বাহিনীগুলোকেও মারাত্মক নিরাপত্তা হুমকি হিসেবে দাবি করছিল।