যুক্তরাষ্ট্রে সিনেমা হলে গুলি, নিহত ২
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের লাফায়েত শহরের গ্রান্ড ১৬ নামের একটি সিনেমা হলে এক বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
গোলাগুলির পর হামলাকারী বন্দুকধারী আত্মহত্যা করেছেন।
সিনেমা হলটিতে এ সময় ‘ট্রেনরেক’ নামে একটি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছিল।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
কলোরাডোর অরোরায় একটি সিনেমা হলে নির্বিচার হত্যাকাণ্ডের প্রায় তিনবছর পর আবারও এ ধরনের একটি ঘটনা ঘটল। ওই হামলায় ১২ জন নিহত হয়েছিলেন।
লাফায়েত শহরের পুলিশ প্রধান জিম ক্রাফ্ট জানিয়েছেন, গুলির আঘাতে হলটিতে দুইজন নিহত হয়েছেন। ৭. ৩০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর হামলাকারী ৫৮ বছর বয়সী বন্দুকধারীও আত্মহত্যা করেছেন।
ক্রাফ্ট আরো বলেন, হামলায় আরো সাত ব্যক্তি আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়।
কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা হামলাকারীর পরিচয় সম্পর্কে নিশ্চিত। তবে ঘটনার তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে থাকায় তার নাম-পরিচয় এখনই প্রকাশ করা হবে না।
এ হামলার কারণ সম্পর্কে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেছি। এমন কী হতাহতদের পরিচয় সম্পর্কেও কিছু জানায়নি।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী কেটি ডোমিঙ্গু স্থানীয় একটি সংবাদপত্রকে বলেছেন, সিনেমাটি ২০ মিনিট চলার পর বন্দুকধারী হলের ভেতরে দাঁড়িয়ে গুলি শুরু করেন।
তিনি আরো বলেন, “তিনি (বন্দুকধারী) কিছু বলেননি। এমন কী আমি কারো চিৎকারও শুনিনি।”
গোলাগুলির পর সিনেমা হলের বাইরে উৎসুক মানুষের উপস্থিতি। ছবি: রয়টার্স
সিনেমা হলে গোলাগুলির পর বাইরে দাঁড়ানো পুলিশ কর্মকর্তারা। ছবি: রয়টার্স
এ ঘটনার পর লুইজিয়ানার রিপাবলিকান গভর্নর ববি জিন্দাল লাফায়েত শহর সফরে গেছেন। শহরটিতে প্রায় ১ লাখ ২০ হাজার অধিবাসী রয়েছেন।
কলোরাডোর অরোরা শহরের একটি সিনেমা হলে প্রায় তিনবছরে আগে এ ধরনের হামলায় ১২ জন নিহত ও ৭০ জন আহত হয়েছিলেন। ওই সময় হলটিতে ব্যাটম্যান সিরিজের ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ সিনেমাটি প্রদর্শিত হচ্ছিল।
২০১২ সালের ১২ জুলাইয়ের ওই ঘটনায় দায়ের মামলায় গেল সপ্তাহে স্নাতক পর্যায়ের সাবেক ছাত্র জেমস হলমেস দোষী সাব্যস্ত হন।
বিচারকরা তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবেন নাকি যাবজ্জীবন কারাবাস দেবেন এই নিয়ে সিদ্ধান্ত দেয়ার চেষ্টা চালাচ্ছেন।
দুই মাসে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকদফা নির্বিচার গোলাগুলির ঘটনা ঘটল।
লুইজিয়ানায় বৃহস্পতিবারের গোলাগুলির এই ঘটনার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেন, ‘কমনসেন্স গান সেফটি ল’ আইন পাসে ব্যর্থতা তার সবচে বড় হতাশার কারণ।
