সৌদি আরবগামী ২৪ ভিক্ষুককে বিমান থেকে নামাল পাকিস্তান
ওমরা ভিসা নিয়ে তারা ভ্রমণ করছিল।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান বিমানবন্দর থেকে সৌদি আরব যাওয়ার সময় দুটি ফ্লাইট থেকে ২৪ জন ভিক্ষুককে নামিয়ে এনে গ্রেপ্তার করা হয়েছে।
পাকিস্তানের দৈনিক ‘ডন’ জানায়, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) কর্মকর্তারা গত শনিবার রাতে মুলতান বিমাবন্দরে ৮ ভিক্ষুককে বিমান থেকে নামিয়ে আনেন।
এর দুই দিন আগে একই বিমানবন্দরে সৌদি আরবগামী বিমান থেকে নামিয়ে আনা হয় ১৬ ভিক্ষুককে। তাদের মধ্যে ১১ জন নারী, চার জন পুরুষ এবং একজন শিশু ছিল।
ওমরা ভিসা নিয়ে তারা ভ্রমণ করছিল। মূলত ওমরা পালনের কথা বলে অতিরিক্ত আয়ের আশায় ভিক্ষা করার জন্য তারা সৌদি আরব যাচ্ছিলেন।
ফেডোরেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) এক বিবৃতিতে বলা হয়, এই ভিক্ষুকরা বলেছে, তারা সেখানে (সৌদি আরব) ভিক্ষা করে যে অর্থ পাবে, তার অর্ধেকটা ভিসার ব্যবস্থা করে দেওয়া এজেন্টদেরকে দেবে।
এফআইএ জানিয়েছে, তারা এই ভিক্ষুকদের পাসপোর্ট জব্দ করেছে এবং আরও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে মুলতানের মানবপাচার ও চোরাচালানবিরোধী শাখায় পাঠিয়েছে। সংবাদসূত্র: ডন, পিটিআই
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
