২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে যৌথ হামলায় ‘সৌদি আরব, কাতারকে রাজি করাতে পারেনি’ আরব আমিরাত

আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ ইরানের হামলার সমন্বিত জবাব দিতে উপসাগরীয় দেশগুলোকে রাজি করাতে চেষ্টা করেছিলেন, তবে তা কাজে আসেনি।

ইরানে যৌথ হামলায় ‘সৌদি আরব, কাতারকে রাজি করাতে পারেনি’ আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2026, 04:10 PM

Updated : 11 Sep 2026, 03:17 PM

উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার পাল্টায় যৌথ সামরিক প্রতিক্রিয়া দেখাতে সংযুক্ত আরব আমিরাত প্রতিবেশী সৌদি আরব ও কাতারকে রাজি করাতে চেষ্টা করলেও তা ব্যর্থ হয় বলে জানিয়েছে ব্লুমবার্গ। 

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানসহ উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে ফোনে ধারাবাহিক আলোচনায় নামেন।  

মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় তেহরানও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন স্থাপনায় সমানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ‍ছুড়তে শুরু করে, যার ঝাঁজ সবচেয়ে বেশি লাগে ২০২১ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা সংযুক্ত আরব আমিরাতে। ৪০ দিনের যুদ্ধে কেবল তাদের দিকেই ইরান প্রায় তিন হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে।

এর জবাবে আমিরাতের মোহাম্মদ বিন জায়েদ সমন্বিত আক্রমণের প্রস্তাব দিলেও সৌদি ক্রাউন প্রিন্স ও উপসাগরীয় অন্য দেশগুলোর নেতারা তা খারিজ করে দেন বলে শুক্রবারের প্রতিবেদনে বলেছে ব্লুমবার্গ। 

তাদের বরাত দিয়ে পরে মিডল ইস্ট আই-ও এ খবর ছাপে। 

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব ও আরব আমিরাতের সম্পর্কে ফাটল যে কত গভীর হয়েছে, ‘অভিন্ন শত্রুর’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে তাদের আপত্তিতে সেটাই উঠে এসেছে বলে জোর দেওয়া হয়েছে ব্লুমবার্গের প্রতিবেদনে।

একাধিক গণমাধ্যম এরই মধ্যে জানিয়েছে যে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত উভয়ই ইরানে পাল্টা হামলা চালিয়েছিল, তবে তা একসঙ্গে নয়, আলাদা আলাদাভাবে। 

সৌদি আরবের হামলা ছিল তুলনামূলক সংযত, বলছেন বিশ্লেষকরা। রিয়াদ পরে তড়িঘড়ি তার মিত্র পাকিস্তানের মধ্যস্থতা চেষ্টায় সহযোগিতাতেও নামে। 

অন্যদিকে আরব আমিরাত নিশানা করেছিল ইরানের জ্বালানি স্থাপনাগুলোকে। 

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাত এপ্রিলের শুরুর দিকে উপসাগরে ইরানের লাভান দ্বীপে হামলা চালায়। কাছাকাছি সময়েই যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ঘোষণা দেয়। 

আমিরাতের ওই হামলায় বড়সড় অগ্নিকাণ্ডের দেখা মেলে এবং স্থাপনাটির সক্ষমতা বহু মাসের জন্য অকার্যকর হয়ে পড়ে, বলছে ওয়াল স্ট্রিট জার্নাল।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যখন যুদ্ধবিরতির তোড়জোড় করছিলেন, সেসময় এ হামলা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছিল।  

‘বেশি বিপদে আরব আমিরাত’

যুদ্ধ শুরু হওয়ার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে তুলনামূলক বেশি বিপদে পড়ে সংযুক্ত আরব আমিরাত। 

সৌদি আরব লোহিত সাগর দিয়ে তেল রপ্তানির জন্য তাদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন ব্যবহার করতে পারছে। কিন্তু আমিরাতের এমন সুযোগ নেই। পর্যটন ও অর্থনৈতিক হাব বলে তাদের যে পরিচিতি ছিল, যুদ্ধ তাতেও আঁচড় কেটেছে।   

আবু ধাবি প্রকাশ্যে ও গোপনে ইরানে যুক্তরাষ্ট্র যেন যুদ্ধ চালিয়ে যায় সেজন্য তদবির করেছিল; তারা হরমুজ প্রণালি খুলতে বলপ্রয়োগের প্রস্তাব জাতিসংঘকে গেলাতেও ব্যর্থ হয়।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ পরে ইরানি হামলার জবাবে উপসাগরীয় জোট গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) ‘দুর্বল’ প্রতিক্রিয়ার কড়া সমালোচনা করেন। এসব নিয়ে হতাশা বাড়তে বাড়তে মে-তে দেশটি তেল উৎপাদক দেশের জোট ওপেক থেকেও বেরিয়ে যায়।

উপসাগরীয় প্রতিবেশীদের সঙ্গে মতের মিল না হওয়ায় সম্প্রতি আবু ধাবি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করায় মনোনিবেশ করেছে, বলছে মিডল ইস্ট আই।

ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকেবি বলেছেন, ইরানি হামলা থেকে সংযুক্ত আরব আমিরাকতে রক্ষায় ইসরায়েল যুদ্ধের সময় আবু ধাবিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা আয়রন ডোমের ব্যাটারি ও তা পরিচালনায় সেনাও পাঠিয়েছিল। 

“ইসরায়েল সেখানে আয়রন ডোম ব্যাটারি ও তা চালাতে লোকজন পাঠিয়েছে। এটা কীভাবে হল? কারণ, আব্রাহাম চুক্তির ভিত্তিতে ইসরায়েল ও সংযু্ক্ত আরব আমিরাতের মধ্যে এখন এক অনন্য সম্পর্ক দাঁড়িয়েছে,” তেল আবিবে চলতি মাসেই এক অনুষ্ঠানে এমনটা বলেন হাকেবি। 

তবে সংযুক্ত আরব আমিরাতকে এখনও তেল আবিবের সঙ্গে তার ‘গাঢ় সম্পর্ক’ স্বীকার করতে ইতস্তত করতে দেখা যাচ্ছে। কয়েকদিন আগেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় দাবি করে বসে যে, ইরানে যুদ্ধ চলাকালে বেনিয়ামিন নেতানিয়াহু আরব আমিরাত সফর করেছিলেন। কিন্তু আবু ধাবি এ ভাষ্য অস্বীকার করেছে। 

ইসরায়েলের সঙ্গে তাদের এ ‘মাখামাখি’ও উপসাগরীয় দেশগুলো ভালো চোখে দেখছে না বলে মনে করছে। ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরব ও বেশিরভাগ উপসাগরীয় দেশকে এখনও ইসরায়েলবিরোধী অবস্থান নিতে হচ্ছে।

গাজায় ইসরায়েলের যুদ্ধকে এরই মধ্যে জাতিসংঘ গণহত্যা আখ্যা দিয়েছে। গণহত্যা বিষয়ক অসংখ্য বিশেষজ্ঞ, মানবাধিকার সংস্থা এবং অনেক বিশ্ব নেতার অবস্থানও একই। এ বিশ্বনেতাদের তালিকায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিও আছেন।