ইউক্রেইনে কিছু ক্ষেপণাস্ত্র সরবরাহ ‘স্থগিত করেছে যুক্তরাষ্ট্র’
এসব সামরিক উপকরণের মধ্যে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সাহায্য করার এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টরও আছে।
যুক্তরাষ্ট্রের মজুদ অনেক কমে গেছে এমন উদ্বেগে ইউক্রেইনে কিছু এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র ও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অন্যান্য যুদ্ধাস্ত্রের চালান বন্ধ রেখেছে পেন্টাগন; বিষয়টি সম্পর্কে জ্ঞাত দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন রয়টার্সকে।
তারা জানান, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কিইভকে এসব অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সম্প্রতি সেগুলোর চালানের গতি ধীর করা হয়েছে।
এসব সামরিক উপকরণের মধ্যে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সাহায্য করার এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টরও আছে।
গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া ইউক্রেইনের শহরগুলোতে আকাশ হামলার তীব্রতা বাড়িয়েছে। বেশ কয়েকবার রাতে একই সময়ে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র যোগে হামলা চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর তিনি রাশিয়ার প্রতি ওয়াশিংটনের অবস্থান নরম করেছেন। তিনি ইউক্রইন যুদ্ধের কূটনৈতিক সমাধানে খোঁজার চেষ্টা করেছেন। আর কিইভের যুদ্ধ প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সামরিক সমর্থনের বিষয়ে সন্দেহ বাড়িয়ে তুলেছেন।
যুক্তরাষ্ট্রের অস্ত্রের চালান স্থগিত রাখার সিদ্ধান্তে ইউক্রেইনের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কমিটির সদস্য ফেদির ভেনিস্লাভস্কি হতাশা প্রকাশ করে বলেছেন, “এটি আমাদের জন্য খুবই অপ্রীতিকর।”
রাশিয়ার একের পর এক হামলার মধ্যে নেওয়া যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে ‘বেদনাদায়ক’ বলে উল্লেখ করেছেন তিনি।
যাইহোক ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকের পর গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, ইউক্রেইনের কাছে আরও প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র বিক্রির কথা বিবেচনা করছেন তিনি।
রাশিয়া ইতোমধ্যেই ইউক্রেইনের পাঁচ ভাগের একভাগ ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তারা এখন গ্রীষ্মকালীন স্থল আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেইনে যুদ্ধরত রুশ বাহিনীগুলো পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও উত্তরপূর্বাঞ্চলীয় সুমি অঞ্চল দিয়ে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।
ইউক্রেইনের নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইউক্রেইন ইতোমধ্যে যুদ্ধক্ষেত্রে ১৫৫ মিলিমিটার কামানের গোলার অভাবের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে মার্কিন সরবরাহ দেরি করার খবরকে ‘খুব দুঃখজনক’ বলে অভিহিত করেছেন তিনি।
আরও পড়ুন-
