ইরানে শনিবার অত্যন্ত কঠিন আঘাত হানা হবে: ট্রাম্প
ট্রাম্প বলেছেন, ইরান প্রতিবেশীদের কাছে তাদের ওপর হামলা করার জন্য ক্ষমা চেয়েছে আর এটিকে তিনি ‘আত্মসমর্পণ’ হিসেবে ধরে নিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, শনিবার ইরানে ‘অত্যন্ত কঠিন আঘাত হানা হবে’ আর হামলার পরিধিও বাড়ানো হবে। নতুন এলাকা ও জনগোষ্ঠীকে হামলার আওতায় আনার কথা বিবেচনা করছেন তিনি।
নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, “আজ ইরানে অত্যন্ত কঠিন আঘাত হানা হবে! ইরানের খারাপ ব্যবহারের কারণে এই মুহূর্ত পর্যন্ত যেসব এলাকা ও গোষ্ঠীকে লক্ষ্যস্থল হিসেবে বিবেচনা করা হয়নি সেগুলোর সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যু গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেন, ইরান প্রতিবেশীদের কাছে তাদের ওপর হামলা করার জন্য ক্ষমা চেয়েছে আর এটিকে তিনি ‘আত্মসমর্পণ’ হিসেবে ধরে নিচ্ছেন।
২৮ ফেব্রুয়ারি শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ আক্রমণ শুরু করার পর এর জবাবে তেহরান ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।
এ নিয়ে আঞ্চলিক উত্তেজনা বাড়তে বাড়তে মারাত্মক পর্যায়ে পৌঁছে যাওয়ার পর শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের দিকে হামলা না হলে সেসব দেশে পাল্টা হামলা স্থগিত রাখার একটি প্রস্তাব তাদের অস্থায়ী নেতৃত্ব পরিষদ অনুমোদন করেছে।
গত কয়েক দিনে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোতে যেসব হামলা হয়েছে, সেগুলোর জন্য পেজেশকিয়ান তাদের কাছে দুঃখও প্রকাশ করেছেন।
ইরানের যে অস্থায়ী নেতৃত্ব পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে, সে পরিষদে পেজেশকিয়ানও আছেন।
ইরান যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়ানো পর এখন কৌশলগতভাবে নতুন মাত্রার দিকে অগ্রসর হচ্ছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। ইরানের পাশাপাশি ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। ওয়াশিংটন ও তেল আবিব কুর্দি বিদ্রোহীদের দিয়ে ইরানের সীমান্তের কিছু এলাকা দখল করানোরও চেষ্টা করছে বলে খবর বেরিয়েছে।
এদিকে একাধিক মার্কিন গণমাধ্যম বলেছে, চীন ও রাশিয়া এখন ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। এসবের মধ্যেই বেশ কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে বলে শুক্রবার জানিয়েছিলেন পেজেশকিয়ান। তবে কোন কোন দেশ এ প্রচেষ্টায় আছে, তাদের নাম বলেননি তিনি।
রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছ, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের এক সপ্তাহ পার হওয়ার পর পুরো মধ্যপ্রাচ্যজুড়ে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামরিক সাফল্যকে পরিষ্কার ভূ-রাজনৈতিক জয়ে রূপান্তর করতে পারবেন কিনা তা নিয়ে বাড়তে থাকা ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখে পড়ছেন।
আরও পড়ুন:
