ইউক্রেইনে শান্তির নিশ্চয়তা দিতে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ ঘোষণা স্টারমারের
ইউরোপ, কানাডার নেতাদের ও ইউক্রেইনের প্রেসিডেন্টকে নিয়ে এক সম্মেলনের পর স্টারমার বলেন, ‘আমরা ইতিহাসের এক সন্ধিক্ষণে আছি।’
যুদ্ধ শেষ করার লক্ষ্যে ইউক্রেইনের সঙ্গে কাজ করতে এবং রাশিয়া থেকে দেশটিকে রক্ষা করতে চার পয়েন্টের একটি পরিকল্পনা ঘোষণা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
স্টারমার জানিয়েছেন, যুক্তরাজ্য, ফ্রান্স এবং অন্য দেশগুলো একটি ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ এর মাধ্যমে তাদের প্রচেষ্টা জোরদার করবে এবং ইউক্রেইনের প্রতি তাদের সমর্থনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে যুক্ত করার চেষ্টা করবে।
রোববার মূলত ইউরোপের ১৮ জন নেতা ও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে এক সম্মেলনের পর স্টারমার বলেন, “আজ আমরা ইতিহাসের এক সন্ধিক্ষণে আছি।”
জেলেনস্কি বলেছেন, “সম্মেলনে ইউরোপের অতি উচ্চ স্তরের এক ঐক্য দেখা গেছে যা দীর্ঘ দিন দেখা যায়নি।”
এতে ইউক্রেইন ‘শক্তিশালী সমর্থন’ অনুভব করছে বলে মন্তব্য করেছেন তিনি।
বিবিসি লিখেছে, এসব ঘটেছে হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইউক্রেইনীয় নেতার মধ্যে উত্তপ্ত বাদানুবাদের দুই দিন পর।
সম্মেলনে জেলেনস্কি বলেছেন, “সত্যিকার শান্তি ও নিরাপত্তা নিশ্চয়তার জন্য আমেরিকার সঙ্গে সহযোগিতার একটি ভিত্তি খুঁজে পেতে ইউরোপে আমরা সবাই মিলে কাজ করছি।”
সম্মেলনের কিছুক্ষণ পর এক সংবাদ সম্মেলনে স্টারমার জানান চারটি পয়েন্টের বিষয়ে তারা একমত হয়েছেন:
• ইউক্রেইনে সামরিক সহায়তা সরবরাহ বজায় রাখা এবং রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো অব্যাহত রাখা।
• কোনো দীর্ঘমেয়াদি শান্তির ক্ষেত্রে ইউক্রেইনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করা আর যে কোনো শান্তি আলোচনায় ইউক্রেইনের অবশ্যিক উপস্থিতি নিশ্চিত করা।
• একটি শান্তি চুক্তির ক্ষেত্রে ভবিষ্যৎ আক্রমণ প্রতিহত করতে ইউক্রেইনের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা।
• ইউক্রেইনে একটি চুক্তি রক্ষা করতে এবং এরপর শান্তি নিশ্চিত করতে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ গঠন করা।
ইউক্রেইনকে আরও সামরিক সহায়তা দিতে রাশিয়ার জব্দকৃত সম্পদের মাধ্যমে আসা আয় থেকে ২২০ কোটি পাউন্ড ঋণ দিচ্ছে ব্রিটেন। এর অতিরিক্ত হিসেবে পাঁচ হাজারেরও বেশি এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র কেনার জন্য আরও ১৬০ কোটি যুক্তরাজ্যের রপ্তানি অর্থায়নের ঘোষণা দিয়েছেন স্টারমার।
তিনি বলেছেন, “অতীতের ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। রাশিয়া সহজে ভেঙে ফেলতে পারে এমন দুর্বল কোনো চুক্তি আমরা গ্রহণ করতে পারি না, তার পরিবর্তে একটি চুক্তি শক্তি দ্বারা সমর্থিত হতে হবে।”
সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো হল ফ্রান্স, পোল্যান্ড, সুইডেন, তুরস্ক, নরওয়ে, চেক রিপাবলিক, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, রোমানিয়া, ফিনল্যান্ড, ইতালি, স্পেন ও কানাডা।
আরও পড়ুন:
