যুদ্ধবিরতি বাড়াতে নারাজ ট্রাম্প, ইরানের তেলবাহী জাহাজ জব্দ
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এশিয়ায় ইরানের তেলবাহী একটি ট্যাংকার জব্দের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতি নিয়ে কথা বলেন।
ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ইরান ও যুক্তরাষ্ট্রের চলতি যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি মেয়াদ বাড়াতে চাই না। আমাদের হাতে খুব বেশি সময় নেই।”
“আমি আবার বোমা হামলা শুরু হবে বলেই আশা করছি। কারণ, আমি মনে করি এই মনোভাব রাখাটাই বেশি ভাল। আমাদের সামরিক বাহিনী পুরোদমে প্রস্তুত।”
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আন্তর্জাতিক জলসীমায় ইরানের তেলবাহী একটি বিশাল ট্যাংকার জব্দ করার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পর ট্রাম্প এসব কথা বলেন।
ইরানের অশোধিত তেল রপ্তানিতে বাধা দেওয়ার প্রথম পদক্ষেপ এটি। মার্কিন বাহিনী ভারত মহাসাগর অঞ্চলে ইরানের তেল বহনকারী ‘টিফানি’ নামের একটি ট্যাংকারে অভিযান চালায়।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ট্যাংকরে অভিযান চালানো হয়। মেরিনট্রাফিক ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ট্যাংকারটি সর্বশেষ মঙ্গলবার সকালে ভারত মহাসাগরে শ্রীলংকার কাছাকাছি ছিল।
যুক্তরাষ্ট্র বলছে, এশিয়ায় ইরানের তেল চোরাচালানের জন্য আগে থেকেই ওই ট্যাংকটারটি নিষেধাজ্ঞার আওতায় ছিল। এর আগে রোববার ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র।
সেই ঘটনার রেশ না কাটতেই আরেকটি জাহাজ জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরু হওয়া নিয়ে জটিলতা আরও বাড়ল।
ইরান বলে আসছে, তাদের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া না হলে তারা আলোচনায় যাবে না। যদিও যুক্তরাষ্ট্র এরপরও পাকিস্তানে আলোচনা হওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করে আসছে।
অবশ্য ইরানের পক্ষ থেকেও সোমবার আলোচনার কথা বিবেচনা করার ইঙ্গিত দেওয়া হয়েছিল।
তবে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে আসতে থাকার এই সময়ে ইরান এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। হাতে সময় এখন খুবই কম।
