২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আইসিসির

পাশাপাশি একই পরোয়ানা জারি হয়েছে সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এমনকি হামাস নেতা ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধেও।

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আইসিসির
ছবি: রয়টার্স

বিডিনিউজ২৪

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2024, 07:49 PM

Updated : 26 Aug 2026, 10:58 AM

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)।

পাশাপাশি একই পরোয়ানা জারি হয়েছে সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এমনকি হামাস নেতা ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধেও। হামাসের এই নেতা মোহাম্মদ দেইফ নামেও পরিচিত।

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে আইসিসি।

পরোয়ানা জারির আদেশে বিচারকরা বলেছেন, “নেতানিয়াহু এবং গ্যালানন্ত ইচ্ছাকৃতভাবে গাজায় মানুষকে অনাহারে রাখা এবং ফিলিস্তিনিদেরকে নিপীড়নের অপরাধে দায়ী, সেটি বিশ্বাস করার যুক্তিসঙ্গত ভিত্তি আছে।”

আইসিসি-র কৌসুঁলি করিম খান গত ২০ মে মাসে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন।  ইসরায়েলের হামাস নেতৃত্বাধীন হামলা এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের ঘটনায় অপরাধের অভিযোগের বিরুদ্ধে তিনি এই গ্রেপ্তারি পরোয়ানা চাইছেন বলে ঘোষণা দেন।

ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতা আল-মাসরিরর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় ২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরায়েলে হামলায় গনহারে হত্যাযজ্ঞ চালানো, ধর্ষণ এবং মানুষজনকে জিম্মি করার অভিযোগ করা হয়েছে।

তবে আল-মাসরি নিহত হয়েছেন বলে যে খবর পাওয়া গেছে, সে সম্পর্কে তথ্য সংগ্রহ চলবে বলে ইঙ্গিত দিয়েছেন কৌসুঁলিরা। ইসরায়েলের দাবি, তারা হামাস নেতা আল-মাসরিকে বিমান হামলায় হত্যা করেছে। কিন্তু হামাস এ খবর নিশ্চিত বা অস্বীকার কোনওটিই করেনি।

ইসরায়েল নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আইসিসি-র জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাখ্যান করেছে । গাজায় যুদ্ধাপরাধের অভিযোগও তারা অস্বীকার করেছে।

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির যে সিদ্ধান্ত নিয়েছে তা আদালতের জন্য লজ্জ্বার। ইসরায়েলের প্রধান বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদও আইসিসি’র সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছেন, ‘এটি সন্ত্রাসের পুরস্কার’।

গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে নেতানিয়াহু কিংবা গ্যালান্ত তাৎক্ষণিক কোনও মন্তব্য করেননি। ইসরায়েল এবং হামাস নেতারাও কোনও যুদ্ধাপরাধ করার অভিযোগ নাকচ করেছেন।

গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য আইসিসি’র কোনও পুলিশ বাহিনী নেই। আদালত এই পরোয়ানার জন্য এর সদস্য দেশগুলোর ওপর নির্ভর করে। আইসিসি’র সদস্য দেশগুলোর মধ্যে আছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো-সহ যুক্তরাজ্য, জাপান, ব্রাজিল, অস্ট্রেলিয়া, কানাডা এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে ফিলিস্তিনি ভূখন্ড এবং জর্ডান।