২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও করায় দুবাইয়ে ব্রিটিশ পর্যটক অভিযুক্ত

আরব আমিরাতে জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কিছু প্রকাশ বা প্রচার নিষিদ্ধ আইনের আওতায় এই ব্রিটিশ পর্যটককে আটক করা হয়েছে।

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও করায় দুবাইয়ে ব্রিটিশ পর্যটক অভিযুক্ত
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2026, 11:30 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের ওপর দিয়ে উড়ে যাওয়া ইরানি ক্ষেপণাস্ত্রের ভিডিও ধারণ করার অভিযোগে এক ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে সাইবার অপরাধ আইনে অভিযোগ আনা হয়েছে।

আরব আমিরাতে বিদেশিদের আইনি সহায়তা প্রদানকারী সংস্থা ‘ডিটেইনড ইন দুবাই’ জানিয়েছে, দেশটিতে জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কিছু প্রকাশ বা প্রচার নিষিদ্ধ আইনের আওতায় ওই ব্রিটিশ পর্যটককে আটক করা হয়েছে। 

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রণালয় ওই পর্যটকের পরিবারকে সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

‘ডিটেইনড ইন দুবাই’-এর প্রধান নির্বাহী রাধা স্টার্লিং জানান, লন্ডনের ওই ব্যক্তির ফোনের ফরেনসিক তল্লাশিতে দুবাইয়ে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও পাওয়ায় তাকেসহ আরও ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসি-কে স্টার্লিং বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ‘অত্যন্ত অস্পষ্ট’। তিনি বলেন, “আমি চার্জশিটটি পর্যালোচনা করেছি, এটি পড়ে বোঝার উপায় নেই যে তারা আসলে কী ভুল করেছে। 

“আমরা দেখছি আমিরাতের সাইবার অপরাধ আইনের আওতায় ক্রমেই বেশি সংখ্যক মানুষকে অভিযুক্ত করা হচ্ছে।”

স্টার্লিং আরও বলেন, আমিরাত কর্তৃপক্ষ মূলত পর্যটকদের কাছে দেশটি ‘নিরাপদ’, এমন একটি চিত্র বজায় রাখতে চায়। তাই ক্ষেপণাস্ত্র হামলার মতো ঘটনার ভিডিও প্রচার করলে তা অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। 

সংযুক্ত আরব আমিরাতে সরকারের সমালোচনা করা অবৈধ এবং দেশটি তাদের পরিমন্ডলের বাইরে তথ্যপ্রবাহ কঠোরভাবে নিয়ন্ত্রণ করে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত একাধিক আইনের মাধ্যমে মানুষের মতপ্রকাশের স্বাধীনতার অধিকারকে অপরাধ হিসেবে গণ্য করছে এবং সরকারের সমালোচকদের শাস্তি দিচ্ছে।