ভারতের জঙ্গল থেকে উদ্ধার মার্কিন নারীকে ঘিরে রহস্য কাটেনি
পুলিশ জানায়, উদ্ধারের সময় এই নারীর কাছ থেকে মার্কিন পাসপোর্ট ও ভারতীয় আধার কার্ড পাওয়া যায়। তামিলনাড়ুতে তার বাড়ির ঠিকানাও মেলে।
ভারতে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার একটি জঙ্গলে গাছের সঙ্গে শেকল দিয়ে বাঁধা অবস্থায় খুঁজে পাওয়া এক মার্কিন নারীকে ঘিরে রহস্য দানা বেঁধেছে।
৫০ বছর বয়সী ললিতা কায়িকে এক সপ্তাহ আগে সিন্ধুদুর্গ জেলার ঘন জঙ্গলে পাওয়া যায়। স্থানীয়রা সাহায্যের জন্য তার চিৎকার শুনতে পান। এরপর পুলিশ এসে তাকে উদ্ধার করে।
অত্যন্ত দুর্বল কায়িকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগে থেকে তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং শুক্রবার তাকে আরও উন্নত চিকিৎসার জন্য একটি মানসিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে তার চিকিৎসকরা বিবিসি-কে জানিয়েছেন।
পুলিশের কাছে লিখিত বয়ানে তিনি অভিযোগ করেছেন, তার স্বামী তাকে খাবার ও পানি ছাড়াই শেকল দিয়ে বেঁধে জঙ্গলে ফেলে রেখে গেছে। পুলিশ বলছে, তার দেওয়া তথ্যের ভিত্তিতে তারা দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে তার স্বামীকে খুঁজছে।
উদ্ধার করার সাত দিন পার হয়ে গেলেও, তিনি কে? কে তাকে জঙ্গলে আটকে রাখলেন? কেনইবা আটকে রাখলেন? এসব প্রশ্নের উত্তর এখনও অজানা।
পান্ডুরং গাওকার নামের এক রাখাল গত শনিবার তাকে খুঁজে পান। বিবিসি মারাঠিকে গাওকার বলেন, গরু চরাতে গিয়ে তিনি 'এক নারীর চিৎকার' শুনতে পান।
তিনি বলেন, "পাহাড়ের পাশের জঙ্গল থেকে শব্দটা আসছিল। সেখানে গিয়ে দেখি তার একটি পা গাছের সঙ্গে বাঁধা। তিনি ভীষণ আর্তনাদ করছিলেন। উপায় না পেয়ে পুলিশ কে জানাই।”
পুলিশ জানায়, উদ্ধারের সময় কায়ির কাছ থেকে মার্কিন পাসপোর্ট ও ভারতীয় আধার কার্ড পাওয়া যায়। সেইসঙ্গে তামিলনাড়ুতে তার বাড়ির ঠিকানাও মেলে।
পুলিশ বলেছে, তার কাছে একটি মোবাইল ফোন, একটি ট্যাবলেট এবং ৩১,০০০ রুপি ছিল। তাই পুলিশের ধারণা, চুরির উদ্দেশ্যেও তাকে বেঁধে রাখা হতে পারে।
স্থানীয়রা বলছেন, ওই মহিলার সৌভাগ্য যে, রাখাল তার চিৎকার শুনতে পেয়েছিল। তাকে যে জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিল তা বিশাল। তাই সেদিন গরু চরাতে ঐ এলাকার কাছাকাছি না গেলে কায়ির আর্তনাদ শুনতে পারতেন না তিনি।
চিকিৎসক শিবানন্দ বান্দেকর ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ওই নারীর পায়ে কিছু ক্ষত রয়েছে। বান্দেকর আরও বলেন, 'আমরা জানি না তিনি কতক্ষণ কিছু খাননি।”
শুক্রবার ওই নারীর শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হওয়ায় তাকে মহারাষ্ট্র রাজ্যের রত্নগিরি জেলার একটি মানসিক হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের সুপারিনটেনডেন্ট সংঘমিত্রা ফুলে বিবিসি মারাঠিকে বলেন, "এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি ওষুধ খাচ্ছেন, খাওয়া-দাওয়া করছেন।”
পুলিশ জানিয়েছে, কায়ি আমেরিকায় ব্যালে নৃত্যশিল্পী এবং যোগব্যায়াম অনুশীলনকারী ছিলেন। ১০ বছর আগে তামিলনাড়ুতে যোগব্যায়াম এবং ধ্যান অধ্যয়নের জন্য ভারতে এসেছিলেন।
সেখানেই স্বামী সতীশের সঙ্গে তার পরিচয় হয়। কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে পুলিশ কায়ির স্বামীর নাম সতীশ বলে উল্লেখ করেছে। পুলিশ বলছে, কোনও কারণে স্বামীর সঙ্গে তার মনোমালিন্য হয়।
কায়ি প্রথমে কথা বলতে পারছিলেন না। তিনি একটি নোট লিখে পুলিশ এবং চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। লিখিত বিবৃতিতেই তিনি উল্লেখ করেন, তার স্বামী তাকে বেঁধে রেখে গেছেন।
তিনি আরও দাবি করে্ন তাকে সাইকোসিসের জন্য একটি ইনজেকশন দেওয়া হয়। ফলে তার চোয়াল অবশ হয়ে যায়। পুলিশ বলছে যে, তারা এই দাবিগুলি যাচাই করতে অক্ষম। কারণ তাদের বিশ্বাস খাবার বা পানি ছাড়া কেউ এত দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে না।
তবে তারা তার স্বামীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেছে। বিষয়টি আরও তদন্তের জন্য তামিলনাড়ু, গোয়া এবং মহারাষ্ট্রে দল পাঠিয়েছে। তার স্বামীকে পুলিশ এখনও খুঁজে পায়নি এবং গণমাধ্যমের কাছে কোনও বিবৃতি দেয়নি।
পুলিশ বলছে, তারা মোবাইল ফোন এবং ওই নারীর কাছে পাওয়া ট্যাবলেটের ভিত্তিতেও সূত্র খুঁজছে। দিল্লির মার্কিন দূতাবাস "তদন্ত দ্রুত করার জন্য পুলিশের উপর চাপ প্রয়োগ করছে।
কিন্তু তারা এ ঘটনার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। দূতাবাসের এক মুখপাত্র বিবিসি-কে বলেছেন, "মার্কিন প্রাইভেসি আইনের (যে আইনে ব্যক্তিগত তথ্য প্রকাশ নিষিদ্ধ) কারণে তারা তদন্তের বিষয়ে কিছু বলতে পারছেন না।”
