১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রথম ৭ জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দিয়েছে হামাস

গাজায় প্রথম ইসরায়েলি জিম্মিদের রেডক্রসের হাতে তুলে দিয়েছে হামাস, এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত এক কর্মকর্তা এমনটি জানিয়েছেন।

প্রথম ৭ জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দিয়েছে হামাস
মুক্তি পাওয়া স্বজনদের অপেক্ষায় ইসরায়েলি জিম্মিদের পরিবারগুলোর সদস্যরা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2025, 12:18 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গাজায় প্রথম সাত জিম্মিকে রেডক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) হাতে তুলে দেওয়া হয়েছে। 

ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, রেডক্রস ইসরায়েলি জিম্মিদের ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে তুলে দিয়েছে। 

ইসরায়েলি সামরিক বাহিনী মুক্তি পাওয়া জিম্মিদের হেলিকপ্টারে করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের এক সামরিক ঘাঁটিতে নিয়ে যাবে বলে জানা গেছে।

বিবিসি জানিয়েছে, তারা ইসরায়েলি গণমাধ্যমের এ খবর আইসিআরসি বা ইসরায়েলি সামরিক বাহিনীর মাধ্যমে নিশ্চিত হতে পারেনি। 

গাজায় প্রথম ইসরায়েলি জিম্মিদের রেডক্রসের হাতে তুলে দিয়েছে হামাস, এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমনটি জানিয়েছেন। 

রেডক্রসের কাছে জিম্মিদের প্রথম দলটিকে হস্তান্তর করা হয়েছে, এমন খবর আসতেই ইসরায়েলের তেল আবিব শহরের ‘জিম্মি চত্বরে’ জড়ো হওয়া কয়েক হাজার মানুষ আনন্দে ফেটে পড়েন। 

‘জিম্মি চত্বরে’ একটি বিশাল ডিজিটাল পর্দার সামনে জড়ো হয়ে আছেন তারা। ওই পর্দায় জিম্মি মুক্তির সর্বশেষ খবর দেখানো হচ্ছে। এখানে জড়ো হওয়া ইসরায়েলিরা নিজ দেশের পতাকা দোলাতে দোলাতে সমবেতভাবে ‘তারা বাড়িতে আসছে’ গান গাইছে। 

জিম্মিদের গ্রহণ করার জন্য প্রস্তুত ইসরায়েলি জরুরি পরিষেবা। ছবি: এক্স

জিম্মিদের গ্রহণ করার জন্য প্রস্তুত ইসরায়েলি জরুরি পরিষেবা

একটি বিবৃতি দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জিম্মিদের প্রথম দলের হস্তান্তরের কথা নিশ্চিত করেছে। 

বিবৃতিতে তারা বলেছে, “রেডক্রসের দেওয়া তথ্য অনুযায়ী, সাতজন জিম্মিকে তাদের জিম্মায় দেওয়া হয়েছে। এসব জিম্মিকে গাজা ভূখণ্ডে অবস্থানরত আইডিএফ ও আইএসএ বাহিনীর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। পরে আরও জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হবে বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ তাদের গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছে।” 

হামাসের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, হামাস ইসরায়েলের সাত জিম্মির প্রথম দলটিকে রেডক্রসের কাছে হস্তান্তর করেছে।

ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া জিম্মি-বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, সোমবার দুপুরের মধ্যে হামাস তাদের হাতে বন্দি ৪৮ ইসরায়েলি জিম্মির সবাইকে দুপুরের মধ্যে মুক্তি দেবে। তবে এসব জিম্মির মধ্যে মাত্র ২০ জন জীবিত আছেন আর বাকিরা মৃত। 

তবে জীবিত ও মৃত সব জিম্মিকেই ইসরায়েলের কাছে ফিরিয়ে দেবে হামাস। এই ধারাই জীবিত জিম্মিদের মধ্যে প্রথম সাতজনকে অন্তর্জাতিক রেডক্রসের কমিটির কাছে হস্তান্তর করেছে তারা। সোমবার জীবিত ২০ জিম্মির সবাইকেই হামাস ফেরত দেবে বলে ধারণা করা হচ্ছে। 

এর বিনিময়ে ইসরায়েলি কারাগারগুলো থেকে প্রায় ২০০০ হাজার ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে বলে আল জাজিরা জানিয়েছে।