২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উজবেক পর্বতে আবিষ্কার হল হারানো দুই সিল্করোড শহর

রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে প্রত্নতাত্ত্বিকরা অন্তত দুটি উচ্চভূমির শহর খুঁজে পেয়েছেন, যেগুলোর অবস্থান সিল্ক রুটের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2024, 11:01 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

উজবেকিস্তানের পূর্বাঞ্চলের তৃণাচ্ছাদিত পর্বতমালায় প্রত্নতাত্ত্বিকরা মধ্যযুগীয় দুটি শহরের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। এই আবিষ্কার সিল্ক রোড সম্পর্কে আমাদের প্রচলিত ধারণা বদলে দিতে পারে।

প্রাচ্য এবং পশ্চিমের মধ্যে পণ্য ও চিন্তা-ভাবনার আদান-প্রদানের জন্য পরিচিত এই বাণিজ্য রুট নিম্নাঞ্চলের বিভিন্ন শহরকে সংযুক্ত করেছিল বলে বহু বছর ধরে ধারণা করা হয়।

কিন্তু রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে প্রত্নতাত্ত্বিকরা এখন অন্তত দুটি উচ্চভূমির শহর খুঁজে পেয়েছেন, যেগুলোর অবস্থান সিল্ক রুটের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে।

এই শহর দুটোর একটি হল- তুগুনবুলাক, যা প্রায় ১২০ হেক্টর জুড়ে বিস্তৃত ছিল। এর অবস্থান ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার মিটার (৬,৬০০ ফুট) ওপরে। এই উচ্চতা এখনও মানববসতির জন্য প্রতিকূল বলেই গণ্য করা হয়। আর আরেকটি শহরের নাম তাশবুলাক।

গবেষক দলের সদস্য প্রত্নতাত্ত্বিক ফারহোদ মাকসুদভ বলেন, "এই আবিষ্কারের মাধ্যমে মধ্য এশিয়ার ইতিহাস এখন বদলে যাচ্ছে।" 

গবেষক দলটি বিশ্বাস করে, তুগুনবুলাক এবং অপেক্ষাকৃত ছোট শহর তাশবুলাক অষ্টম থেকে এগারশ শতকের মধ্যযুগে প্রভাবশালী তুর্কি রাজবংশের নিয়ন্ত্রণে ছিল।

বিশ্বের জনসংখ্যার মাত্র ৩ শতাংশ এই উচ্চতায় বাস করে। এ ধরনের বিরল উদাহরণগুলোর মধ্যে রয়েছে তিব্বতের লাসা এবং পেরুর কুসকো।

উজবেকিস্তানের জাতীয় প্রত্নতাত্ত্বিক কেন্দ্রের পরিচালক মাকসুদভ এবং ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রত্নতাত্ত্বিক মাইকেল ফ্রাচেত্তির নেতৃত্বে এই আবিষ্কারটি সম্ভব হয়েছে ড্রোন এবং লিডার নামে পরিচিত একটি রিমোট-সেন্সিং যন্ত্রের সাহায্যে। লিডার যন্ত্রটি প্রতিফলিত আলোর মাধ্যমে পরিবেশের ত্রিমাত্রিক (থ্রিডি) মানচিত্র তৈরি করে।

গবেষণাটি এ সপ্তাহে বিজ্ঞান বিষয়ক সাময়িকী 'নেচার'-এ প্রকাশিত হয়েছে এবং বাইরের বিশেষজ্ঞরা এর প্রশংসা করেছেন। গবেষণা থেকে যাযাবর সম্প্রদায়ের জীবনধারা সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেছে।

গবেষক দলটি প্রথমে ২০১১ সালে পাহাড়ে ট্রেকিংয়ের সময় তাশবুলাক নামের ছোট শহরটি আবিষ্কার করে। সেখানে তারা সমাধিস্থল, হাজার হাজার মৃৎশিল্পের টুকরা এবং অন্যান্য নিদর্শন পায়। এ থেকে এলাকাটি জনবসতিপূর্ণ ছিল- এমন লক্ষণই প্রকাশ পেয়েছে।

ঐতিহাসিক রেকর্ডে অঞ্চলটির শহরগুলোর উল্লেখ থাকলেও ২ হাজার ২০০ মিটার উচ্চতায় ১২ হেক্টর বিস্তৃত একটি মধ্যযুগীয় শহর আবিষ্কারের প্রত্যাশা গবেষকরা করেননি। 

বিবিসি-কে গবেষক মাইকেল ফ্রাচেত্তি বলেন, "আমরা হতবাক হয়ে গিয়েছিলাম।” ওই উচ্চতায় ট্রেকিং করাও কঠিন ছিল বলে জানান তিনি। বলেন, সেখানে দমকা বাতাস, ঝড় এবং লজিস্টিক্যাল চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে।

চার বছর পরে, স্থানীয় বন বিভাগের এক প্রশাসক তাশবুলাকের কাছাকাছি আরেকটি স্থান অনুসন্ধানের জন্য তাদেরকে পরামর্শ দেন।

ফ্রাচেত্তি বলেন, "প্রশাসক বলেন, আমার বাড়ির উঠোনে আমি ওই ধরনের কিছু সিরামিক পেয়েছি। তাই আমরা তার বাড়িতে যাই... আবিষ্কার করি তার বাড়ি আসলে একটি মধ্যযুগীয় দুর্গের ওপর তৈরি। যেন তিনি বিশাল এক শহরের ওপর বাস করছিলেন।" 

তবে এই আবিষ্কারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অ্যাকাডেমিক সম্প্রদায়কে এ শহরের অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস করানো।

 এ পরিস্থিতিতে ২০২২ সালে, গবেষক দলটি লিডার সেন্সরসহ একটি ড্রোন নিয়ে আবারও তুগুনবুলাক অঞ্চলে ফিরে যায়, যা ভূপৃষ্ঠ থেকে পর্দা সরিয়ে প্রাচীর, প্রহরী টাওয়ার, জটিল স্থাপত্য বৈশিষ্ট্য এবং অন্যান্য কাঠামো খুঁজে পেতে সহায়ক হয়।

গবেষকদের ধারণা, লোহার আকরিক গলানোর জন্য শক্তিশালী বাতাস দিয়ে প্রয়োজনীয় আগুন জ্বালাতে তুগুনবুলাক এবং তাশবুলাকে মানুষ বসতি স্থাপন করেছিল। 

প্রত্নতাত্ত্বিক মাকসুদভ বলেন, "মধ্যযুগে যার হাতেই লোহা থাকত, সেই ছিল খুব শক্তিশালী। তবে এটি তাদের পতনের কারণও হতে পারে।”