Published : 16 Nov 2025, 12:30 PM
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়াগো কাউন্টির উপকূলে সন্দেহভাজন মানবপাচারকারীদের একটি নৌকা উল্টে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে উত্তাল ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায়। এ ঘটনায় আটজন হতাহত হলেও আরেকজনকে তাদের হেফাজতে নিয়েছে যুক্তরাষ্ট্রের বর্ডার পেট্রল।
নৌকাটির নিখোঁজ অন্য আরোহীদের সন্ধানে শনিবারও সান ডিয়াগো কাউন্টির ইম্পেরিয়াল বিচ উপকূলে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল।
কোস্ট গার্ড আরও জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে বর্ডার পেট্রল থেকে কোস্ট গার্ডকে ওই ‘পাঙ্গা’ ধরনের নৌকাটির উল্টে যাওয়ার খবর দেওয়া হয়।
প্রতিবেশী মেক্সিকো থেকে সাগর পথে অভিবাসন প্রত্যাশীদের ক্যালিফোর্নিয়ায় নিয়ে আসতে মানবপাচারকারীরা অধিকাংশ সময়ই হালকাপাতলা, অগভীর পানিতে চলাচলের উপযোগী ইঞ্জিন চালিত পাঙ্গা নৌকা ব্যবহার করে। এই পথে প্রশান্ত মহাসাগরের বিপজ্জনক উত্তাল ঢেউ পাড়ি দিয়ে আসতে হয় তাদের।
কোস্ট গার্ডের বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, জরুরি পরিষেবার উদ্ধার কর্মীরা জীবিতদের সৈকতে পায় ও অপর একজনকে নৌকাটিতে আটকা পড়া অবস্থায় উদ্ধার করে।
পরে উদ্ধার কর্মীরা পানি থেকে আরও তিনজনকে উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু চিকিৎসকরা কিছুক্ষণের মধ্যেই তাদের মৃত ঘোষণা করেন।
নৌকাটির আরোহীদের অনেকেই নিজেদের মেক্সিকোর নাগরিক বলে দাবি করেছে। তবে বেশ কয়েকজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে কোস্টগার্ড জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন্স (এইচএসআই) এই ঘটনার তদন্তের নিয়ন্ত্রণ গ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।