১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গাজামুখী ফ্লোটিলার গতিরোধ, গ্রেপ্তারকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলল হামাস, তুরস্ক

ইসরায়েলের ‘নির্লজ্জ কাণ্ডের’ প্রতিবাদে ইতালির সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন শুক্রবার সাধারণ ধর্মঘট ডেকেছে।

গাজামুখী ফ্লোটিলার গতিরোধ, গ্রেপ্তারকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলল হামাস, তুরস্ক
গাজামুখী ত্রাণের জাহাজের বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার গতিরোধ করে ইসরায়েলি সেনারা নৌযানগুলোতে চড়াও হওয়ার পর একটি নৌযানের ক্রুদের হাত তুলে আত্মসমর্পণ করতে দেখা যাচ্ছে। লাইভ ফুটেজ থেকে নেওয়া ছবি। ছবি: রয়টার্স/হিন্দু

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2025, 02:34 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

গাজামুখী ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলার গতিরোধ ও সেখান থেকে গ্রেটা থুনবার্গসহ মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ও ‘জলদস্যুতা’ আখ্যা দিয়েছে তুরস্ক ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। 

এদিকে ফ্লোটিলার গতিরোধের প্রতিবাদে শুক্রবার সাধারণ ধর্মঘট ডেকেছে ইতালির সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন। ত্রাণবাহী বহর আটকাতে ইসরায়েলের ‘নির্লজ্জ কাণ্ডের’ প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছে বলে জানিয়েছে তারা।

আন্তর্জাতিক ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (জিএসএফ) দিকে ২০টি নৌযান এগিয়ে যাচ্ছে এমন খবর আসার পরপরই বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে প্রতিবাদ শুরু হয়। এগুলোর মধ্যে মাদ্রিদ, মেক্সিকো সিটি, বুয়েনস এইরেস ও বোগোতা অন্যতম।

ইতালির নেপলসসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স; নেপলসে বিক্ষোভকারীরা মূল রেলস্টেশন আটকে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটায়।   

ফিলিস্তিনি ছিটমহল গাজায় ত্রাণ সরবরাহ ও সমুদ্রপথে আরোপ করা ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে ৪০টিরও বেশি নৌযানে করে পাঁচশরও বেশি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী সুমুদ ফ্লোটিলা বহরে অংশ নেন।

ইসরায়েলি নৌবাহিনী ওই বহরের জাহাজগুলো লক্ষ্য করে জলকামান থেকে পানি ছোড়ে, তাদের টেলিযোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দেয় এবং আন্তর্জাতিক জলপথ ধরে গাজার দিকে যাওয়ার সময় আন্দোলনকারীদের গ্রেপ্তার করে।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় পরে জানিয়েছে, তারা একাধিক নৌযানকে ‘নিরাপদে থামিয়েছে’; সেসব নৌযানের আরোহীদের ইসরায়েলের একটি বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। 

তেল আবিবের এ কর্মকাণ্ডকে ‘জলদস্যুতা এবং সমুদ্রপথে সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে হামাস ‘বিশ্বের মুক্তিকামী সবাইকে’ এর নিন্দা জানাতে আহ্বান জানিয়েছে। 

“আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের এমন কাণ্ড, পাশাপাশি জাহাজে উঠে মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের গ্রেপ্তার এমন একটি ধূর্ত আগ্রাসন যা ইসরায়েলের সংঘটিত অপরাধের অন্ধকার রেকর্ডে আরেকটি অধ্যায় যোগ করেছে,” বলেছে তারা। 

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্লোটিলার গতিরোধকে ‘আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন ও নিরপরাধ মানুষের জীবনে ঝুঁকিতে ফেলা সন্ত্রাসী কাজ’ অভিহিত করেছে। 

গাজায় ত্রাণ নিয়ে যাওয়া ফ্লোটিলার ওপর আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের ‘আক্রমণ মেনে নেওয়া যায় না’, বলেছে তারা।  

গাজামুখী সুমুদ ফ্লোটিলার গতিরোধ করে আন্দোলনকারীদের গ্রেপ্তার করছে