২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের প্রধান সরকারি ভবন লক্ষ্যস্থল করার কথা অস্বীকার রাশিয়ার

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বাহিনীগুলো কিইভের একটি শিল্প উদ্যোগে আঘাত হানলেও অন্য কোনো ভবনকে লক্ষ্যস্থল করেনি।

ইউক্রেইনের প্রধান সরকারি ভবন লক্ষ্যস্থল করার কথা অস্বীকার রাশিয়ার
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেইনের রাজধানী কিইভে প্রধান সরকারি ভবনে আগুন ধরে যায়। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 01:25 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

ইউক্রেইনের রাজধানী কিইভে দেশটির ক্যাবিনেট মন্ত্রীদের দপ্তর ভবনে রাশিয়া আঘাত হেনেছে বলে অভিযোগ উঠলেও মস্কো তা প্রত্যাখ্যান করেছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বলেছে, তাদের বাহিনীগুলো ইউক্রেইনের ড্রোন সংযোজন কারখানার পাশাপাশি কিইভের একটি শিল্প উদ্যোগে আঘাত হানলেও অন্য কোনো ভবনকে লক্ষ্যস্থল করেনি। 

মন্ত্রণালয়টি জানিয়েছে, ইউক্রেইনের ড্রোন উৎপাদন, মেরামত ও মজুদ করার স্থাপনাগুলো এবং দেশটির মধ্যাঞ্চলে, দক্ষিণাঞ্চলে ও পূর্বাঞ্চলের সামরিক ক্ষেত্রগুলোতে উচ্চ নির্ভুলতার সঙ্গে ব্যাপক আক্রমণ চালিয়েছে তারা। এর পাশাপাশি তারা ইউক্রেইনের রাজধানী কিইভের পশ্চিমপাশের শহরতলীতে অবস্থিত শিল্প উদ্যোগ ‘কিইভ-৬৭’ এ এবং নগরীটি দক্ষিণাংশে একটি লজিস্টিক স্থাপনাকে লক্ষ্যস্থল করেছে বলে জানিয়েছে, খবর রাশিয়ার সংবাদমাধ্যম আরটির। 

মন্ত্রণালয়টি বলেছে, “আঘাত হানার লক্ষ্য পূরণ হয়েছে। নির্ধারিত সবগুলো লক্ষ্যে আঘাত হানা হয়েছে। কিইভের সীমার মধ্যে আর কোনো লক্ষ্যে আঘাত হানা হয়নি।” 

রোববার এর আগে ইউক্রেইনের কর্মকর্তারা অভিযোগ করেছিলেন যে রাশিয়ার একটি ড্রোন কিইভের স্বাধীনতা চত্বরের কাছে প্রধান সরকারি ভবনে বিধ্বস্ত হয়েছে, এতে ভবনটির শীর্ষ তলাগুলোতে আগুন ধরে গেছে। তারা আরও অভিযোগ করেছে, রাতে রাশিয়া মোট ৮০৫টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র যোগে ইউক্রেইনে হামলা চালিয়েছে। 

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এসব হামলায় চারজন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। 

রাশিয়া ইউক্রেইনের সামরিক স্থাপনা ও প্রতিরক্ষা শিল্প লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। মস্কো বলছে, এসব হামলা রাশিয়ার অনেক গভীরে চালানো কিইভের হামলার প্রতিশোধ। তারা কখনো বেসামরিকদের লক্ষ্যস্থল করে না বলে দাবি করেছে মস্কো। 

রাশিয়ার কর্মকর্তাদের অভিযোগ, ইউক্রেইন আবাসিক এলাকাগুলোতে এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে। কিইভকে এ ধরনের পদক্ষেপ থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন তারা। 

আরও পড়ুন: 

রাশিয়ার বৃহত্তম আকাশ হামলায় ইউক্রেইনের প্রধান সরকারি ভবনে আগুন