২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন, ইউরোপ ‘প্রকৃত’ শান্তি আলোচনার অংশ হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেইন যুদ্ধ অবসান নিয়ে সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হবে।

ইউক্রেইন, ইউরোপ ‘প্রকৃত’ শান্তি আলোচনার অংশ হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইসরায়েল থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়ার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2025, 01:13 PM

Updated : 26 Aug 2026, 11:50 AM

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইউক্রেইন যুদ্ধ অবসানে যে কোনো ‘প্রকৃত’ শান্তি আলোচনার অংশ হবে ইউক্রেইন ও ইউরোপ।  

রোববার মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, আলোচনার প্রক্রিয়া এখনও আন্তরিকভাবে শুরু হয়নি, আর যদি আলাপ এগিয়ে যায়, ইউক্রেইনীয়দের ও অন্য ইউরোপীয়দেরও সেখানে জড়ো করা হবে।   

আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেইন যুদ্ধ অবসান নিয়ে সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হবে। এই আলোচনায় ইউক্রেইন বা ইউরোপের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। এর ফলে ইউক্রেইন শান্তি আলোচনা থেকে তাদের বাদ দেওয়া হতে পারে, এমন ভেবে উদ্বিগ্ন হয়ে আছে ইউরোপীয় দেশগুলো।  

কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপের উদ্বেগকে তেমন গুরুত্ব না দিয়ে তাদেরও ‘প্রকৃত’ আলোচনায় রাখা হবে বলে জানিয়েছেন। 

রয়টার্স লিখেছে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তির বিষয়ে কতোটা আন্তরিক তা দেখার একটা সুযোগ মিলবে। 

সিবিএসের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে রুবিও বলেন, “গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। আর তাতে পুতিন শান্তিতে আগ্রহ প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট এই সংঘাত বন্ধের বিষয়টি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন এমনভাবে যেন তা স্থায়ী হয় এবং ইউক্রেইনের সার্বভৌমত্বও রক্ষা পায়। 

“এটি এখন (বাস্তব) পদক্ষেপের মাধ্যমে অনুসরণ করতে হবে। তাই পরবর্তী কয়েক সপ্তাহ ও দিনগুলোতে নির্ধারিত হবে এটি আন্তরিক কি না। আসলে একটি ফোন কলে শান্তি তৈরি হয় না।”  

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এক সাক্ষাৎকারে ফক্স নিউজকে জানিয়েছেন, রোববার স্থানীয় সময় সন্ধ্যায় তিনি ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়বেন। 

ইসরায়েল সফরে থাকা রুবিও উল্লেখ করেছেন, আগেই তৈরি করে রাখা আনুষ্ঠানিক ভ্রমণ সূচী অনুযায়ী সৌদি আরব থাকবেন তিনি। রাশিয়ার প্রতিনিধি দলে কারা থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।