৫০ বছরের মধ্যে প্রথম যুক্তরাষ্ট্রজুড়ে শ্রমিক ধর্মঘটে অচল বন্দর কার্যক্রম
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে দিয়ে এই ধর্মঘটের কারণে বাণিজ্য এবং অর্থনীতি বিঘ্নিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বন্দরে হাজার হাজার ডক শ্রমিক অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নেমেছে। প্রেসিডেন্ট নির্বাচনের আগে দিয়ে এই ধর্মঘটের কারণে দেশটির বাণিজ্য এবং অর্থনীতিতে বিঘ্ন সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে।
ইন্টারন্যাশনাল লংশোরমেনস অ্যাসোসিয়েশন (আইএলএ)- এর সদস্যরা মঙ্গলবার পূর্ব ও উপসাগরীয় উপকূলের ১৪টি প্রধান বন্দরে ওয়াকআউট করে মেইন থেকে টেক্সাসে কন্টেইনার চলাচল বন্ধ করে দেয়।
প্রায় ৫০ বছরের মধ্যে এই প্রথম বন্দরের কার্যক্রম এভাবে বন্ধ (শাটডাউন) হল।
প্রেসিডেন্ট জো বাইডেন চাইলে বাড়তি আলোচনার জন্য ৮০ দিন পর্যন্ত ধর্মঘট স্থগিত করতে পারেন। তবে তিনি আপাতত কোনও পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন না বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
কী নিয়ে ধর্মঘট?
কয়েক মাস ধরে আলোচনা স্থগিত রয়েছে। পক্ষগুলোর মধ্যে বর্তমান চুক্তির মেয়াদ সোমবার শেষ হয়েছে।
ইউএসএমএক্স নামে পরিচিত ইউএস মেরিটাইম অ্যালায়েন্স এর মতে, উভয় পক্ষ ছয় বছরের মাস্টার চুক্তি নিয়ে বিরোধে জড়িয়েছে। এর আওতায় প্রায় ২৫,০০০ বন্দর কর্মী কন্টেইনার আনা নেওয়ার কাজ করে।
ইউএসএমএক্স শিপিং ফার্ম, বন্দর সমিতি এবং সামুদ্রিক টার্মিনাল অপারেটরদের প্রতিনিধিত্ব করে। সোমবার, ইউএসএমএক্স বলেছে, তারা শ্রমিকদের প্রায় ৫০% মজুরি বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এমনকি পেনশন তিনগুণ করার পাশাপাশি স্বস্থ্যসেবা জোরদার করা হবে।
ওদিকে, শ্রমিক ইউনিয়নের প্রধান হ্যারল্ড ড্যাগেট তার সদস্যদের জন্য বেতন আরও উল্লেখযোগ্য পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
আগের চুক্তির অধীনে, একজন শ্রমিকের অভিজ্ঞতার উপর নির্ভর করে প্রারম্ভিক মজুরি ঘন্টা প্রতি ২০ ডলার থেকে ৩৯ ডলার পর্যন্ত ছিল। শ্রমিকরা অন্যান্য সুবিধাও পান, যেমন কন্টেইনার বাণিজ্যের সঙ্গে যুক্ত বোনাস।
তবে শ্রমিক ইউনিয়ন ছয় বছর ধরে প্রতি বছরেই ঘণ্টা প্রতি ৫ ডলার বাড়তি মজুরি দাবি করছে বলে জানিয়েছেন ড্যাগেট। আবার প্রারম্ভিক বেতনও ৩৯ ডলার থেকে বাড়িয়ে ৬৯ ডলার করার দাবি জানাচ্ছে ইউনিয়ন। এই হিসাবে শ্রমিকদের মজুরি ৭৭ শতাংশ বাড়বে।
ইন্টারন্যাশনাল লংশোরমেনস অ্যাসোসিয়েশন (আইএলএ) বলছে, কোভিড মহামারীর সময় শ্রমিকদের বেতন পাওনা রয়েছে। মূল্যস্ফীতির কারণেও মজুরিতে এর প্রভাব পড়েছে। এই পাওনা আদায়ে আরও বড় ধর্মঘট ডাকা হতে পারে বলে ইউনিয়ন সতর্ক করেছে।
ইউনিয়ন বলছে, তারা ৮৫,০০০ জন মানুষের প্রতিনিধিত্ব করে। শ্রম বিভাগের বার্ষিক প্রতিবেদনে তাদের প্রায় ৪৭,০০০ সক্রিয় সদস্য আছে বলে ইউনিয়ন দাবি করেছে।
ধর্মঘটের ফলে কোন কোন বিষয় প্রভাবিত হবে?
প্রথমেই প্রভাব পড়বে খাবারের মতো জিনিসগুলোতে। ফার্ম ব্যুরোর মতে, বন্দরগুলো সমুদ্রপথে প্রেরিত কৃষিপণ্য রপ্তানির প্রায় ১৪% এবং কলা এবং চকলেটের বাণিজ্যের একটি উল্লেখযোগ্য অংশ সহ অর্ধেকেরও বেশি আমদানি পরিচালনা করে।
অক্সফোর্ড ইকোনমিকস জানিয়েছে, টিন, তামাক ও নিকোটিনের মতো খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পোশাক ও জুতা প্রস্তুতকারক সংস্থা এবং ইউরোপীয় গাড়ি নির্মাতারা, যারা বাল্টিমোর বন্দর দিয়ে তাদের অনেক চালান নিয়ে যায়, তারাও ধাক্কা খাবে।
গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে আমদানি বেড়েছে, কারণ অনেক ব্যবসায়ী ধর্মঘটের আগে তাড়াহুড়ো করে শিপমেন্টের পদক্ষেপ নিয়েছিল।
নর্থইস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক এবং হোয়াইট হাউজের শ্রম বিষয়ক সাবেক উপদেষ্টা সেথ হ্যারিস বলেন, "আমি মনে করি না যে, আমরা এখনই অর্থনৈতিতে উল্লেখযোগ্য কোনও প্রভাব দেখতে পাব। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ধর্মঘট যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে পণ্যের দাম বাড়তে পারে। ফলে পণ্যের ঘাটতিও দেখা দিতে পারে।
অর্থনৈতিক প্রভাব কী হবে?
অক্সফোর্ড ইকোনমিকসের সহযোগী মার্কিন অর্থনীতিবিদ গ্রেস জেমারের মতে, ধর্মঘটের কারণে রপ্তানি ও আমদানির এক তৃতীয়াংশেরও বেশি প্রভাবিত হতে পারে। এতে ধর্মঘটের প্রতি সপ্তাহে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কমপক্ষে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে।
তবে অন্যান্যরা ধর্মঘটের প্রভাবে অর্থনীতির আরও বেশি ক্ষতি হতে পারে বলে ধারণা প্রকাশ করেছেন।
