Published : 23 May 2026, 10:07 AM
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের এক ড্রাই ডকে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও আরও ৩৬ জন আহত হয়েছে।
শুক্রবার নগরীর স্ট্যাটেন আইল্যান্ড বারোর রিচমন্ড টেরেস এলাকার ওই ড্রাই ডকে আগুন লাগার পর বিস্ফোরণের ঘটনাটি ঘটে, খবর রয়টার্সের।
কর্মকর্তারা জানিয়েছেন, দমকল কর্মীরা আগুন নেভানোর ও আটকা পড়া দুই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করার সময় বিস্ফোরণটি ঘটে। এতে একজন নিহত ও ৩৬ জন আহত হয়। আহতদের মধ্যে দুই দমকল কর্মী আছেন।
আহত এক ফায়ার মার্শালের মাথার একপাশে গুরুতর জখম হয়েছে। তার মস্তিষ্কে রক্তপাত হচ্ছে আর তাকে হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। অপর দমকল কর্মীর আঘাতও গুরুতর, তবে তিনি শঙ্কামুক্ত আছেন।
নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি সাংবাদিকদের বলেছেন, “এটি একটি জটিল, দ্রুত পরিবর্তনশীল জরুরি পরিস্থিতি। জরুরি বিভাগের কর্মীরা তাই করেছেন সবসময় তারা যা করেন: অন্যদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে তারা বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন।”
নিহত ব্যক্তি একজন বেসামরিক বলে জানিয়েছেন কর্মকর্তারা। কিন্তু বিস্তারিত আর কিছু জানাননি।
মামদানি জানিয়েছেন, আগুন পুরোপুরি নেভানোর পর একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হবে।
কর্মকর্তারা জানিয়েছেন, ড্রাই ড্রকটির এক বেসমেন্টে আগুন লেগেছে আর সেখানে দুই শ্রমিক আটকা পড়েছে, এমন খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে যান, তাদের উপস্থিতিতেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
স্ট্যাটেন আইল্যান্ড বারোর রিচমন্ড টেরেস এলাকাটি ম্যানহ্যাটন বন্দরের অপরপাশের তীরে অবস্থিত।