ফিলিস্তিনের সহায়তায় ১০ কোটি ডলার দেবে কানাডা
মানবিক সহায়তা ও পশ্চিম তীরের পুলিশ প্রশিক্ষণে এই অর্থ ব্যয় করা হবে।
দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা জিইয়ে রাখতে ফিলিস্তিনের জন্য নতুন করে ১০ কোটি ডলারের সহায়তা ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
এই অর্থের ৮ কোটি ডলার ব্যয় হবে মানবিক সহায়তায়; বাকিটা নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন উদ্যোগে ব্যয় করা হবে। এর মধ্যে পশ্চিম তীরে পুলিশ প্রশিক্ষণের একটি প্রকল্পও রয়েছে।
মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এ সহায়তার ঘোষণা দেন কার্নি।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল ও হামানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের জন্য ৬০ কোটি ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে কানাডা।
কার্নি বলেন, গাজায় ফিলিস্তিনিরা ‘অপরিসীম মানবিক দুর্ভোগের’ মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। অন্যদিকে হামাস, ইরান ও তাদের মিত্রদের কাছ থেকে ‘অস্তিত্বের হুমকির’ মুখে রয়েছে ইসরায়েল।
চলতি সপ্তাহে কানাডার পার্লামেন্টে কিছু নথি তুলে ধরা হয়। এতে ইসরায়েলের সামরিক বাহিনী ও বসতিস্থাপনকারীদের হাতে কানাডার অর্থায়নে পরিচালিত কয়েক ডজন সহায়তা প্রকল্পের ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরা হয়েছে।
চলতি মাসের শুরুতে ফ্রান্স ও যুক্তরাজ্য একটি যৌথ বিবৃতি দেয়, যেখানে পশ্চিম তীরের ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়। পদক্ষেপের কারণ হিসেবে বসতিস্থাপনকারীদের সহিংসতার কথা তুলে ধরে দুই দেশ।
মঙ্গলবার কার্নি ইসরায়েলের পরিকল্পিত ‘ই-ওয়ান’ নিয়েও কথা বলেন।
সমালোচকদের ভাষ্য, এই বসতি নির্মাণ করা হলে পশ্চিম তীর কার্যত দুভাগ হয়ে যাবে।
