২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের চাপের মধ্যেই ‘গাজায় নিয়ন্ত্রণ জোরদার করছে হামাস’

ইসরায়েলি সামরিক বাহিনীর নথি অনুযায়ী, গাজার ১৭টি মন্ত্রণালয়ের মধ্যে অন্তত ১৪টি এখন সচল আছে। যুদ্ধের এক পর্যায়ে এরকম সচল মন্ত্রণালয়ের সংখ্যা কমে ৫টিতে দাঁড়িয়েছিল।

ট্রাম্পের চাপের মধ্যেই ‘গাজায় নিয়ন্ত্রণ জোরদার করছে হামাস’
গাজা সিটিতে যান চলাচল নিয়ন্ত্রণে হামাস নিযুক্ত পুলিশ সদস্য। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2026, 05:14 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

গাজায় বিভিন্ন সরকারি পদে অনুগত লোকজনকে বসিয়ে, কর আদায় করে এবং যোদ্ধা ও সরকারি চাকরিজীবীদের বেতন দেওয়ার মাধ্যমে হামাস গাজায় তার নিয়ন্ত্রণ আরও সুসংহত করছে বলে ইসরায়েলি সামরিক বাহিনীর এক মূল্যায়নে বেরিয়ে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্স ওই মূল্যায়নটি দেখেছে। 

গাজার প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামোতে ফিলিস্তিনি এ সশস্ত্র গোষ্ঠীটির অব্যাহত প্রভাব মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে সংশয় সৃষ্টি করেছে। 

ট্রাম্পের এ পরিকল্পনায় ফিলিস্তিনি ভূখণ্ডটি থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের বিনিময়ে হামাসকে অস্ত্র সমর্পণ করতে বলা হয়েছিল। 

শান্তি পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে বানানো গাজার অন্তর্বর্তীকালীন সরকার দেখভালের দায়িত্বে থাকা ট্রাম্পের ‘আন্তর্জাতিক শান্তি পর্ষদের’ প্রথম বৈঠক বৃহস্পতিবার ওয়াশিংটনে হওয়ার কথা রয়েছে। এদিন অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বিভিন্ন বিষয়ের প্রতিবেদন নেওয়ার কথা পর্ষদের।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, প্রশাসনের নিচ থেকে উপর পর্যন্ত সব স্তরে প্রভাব বজায় রাখতে হামাস সরকারি দপ্তর, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় সরকারে নিজেদের লোকজনকে যুক্ত করছে। 

তবে ফিলিস্তিনি এ সশস্ত্র গোষ্ঠীটি বলছে, তারা আলি শাথের নেতৃত্বে ফিলিস্তিনি টেকনোক্রেটদের দিয়ে বানানো যুক্তরাষ্ট্রর-সমর্থনপুষ্ট কমিটির হাতে প্রশাসন হস্তান্তর করতে প্রস্তুত, কিন্তু ইসরায়েল এখন পর্যন্ত ওই কমিটির সদস্যদের গাজায় ঢোকার অনুমতিই দিচ্ছে না।

তাদের এ দাবি প্রসঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনী কোনো মন্তব্য করতে রাজি না হলেও কর্মকর্তারা গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থায় ভূমিকা রাখার বিষয়ে হামাসের ‘বিকৃত কল্পনা’ উড়িয়ে দিয়েছেন। 

বৃহস্পতিবারের বৈঠক থেকে ট্রাম্প কোন কোন দেশ গাজায় জাতিসংঘের অনুমোদনপ্রাপ্ত স্থিতিশীলতা বাহিনীতে সৈন্য পাঠানো এবং নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীর প্রশিক্ষণে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে তাদের নাম ঘোষণা করতে পারেন। নতুন এ পুলিশ বাহিনী পরিচালনা করবে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি)।

হামাস তাদের পুলিশ বাহিনীর ১০ হাজার সদস্যকে এ নতুন বাহিনীতে যুক্ত করতে চায় বলে জানুয়ারিতে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল। 

ইসরায়েলি বাহিনীর মূল্যায়নে বলা হয়েছে, অক্টোবরে যুদ্ধবিরতির পর ইসরায়েল গাজার যে যে এলাকা ছেড়েছে সেসব এলাকায় হামাস ধাপে ধাপে তাদের নিয়ন্ত্রণ জোরদার করে চলেছে।  

ফিলিস্তিনি এ সশস্ত্রগোষ্ঠীটি সম্প্রতি চার মেয়রের পাশাপাশি ৫ জেলার গভর্নরও নিয়োগ দিয়েছে যাদের সঙ্গে সশস্ত্র আল-কাসেম ব্রিগেডের সম্পৃক্ততা আছে বলে একাধিক সূত্র রয়টার্সকে বলেছে। কর ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদারে হামাস গাজার অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সরিয়ে তাদের জায়গায় নতুনদের বসিয়েছে। নতুন এক উপস্বাস্থ্যমন্ত্রীও নিয়োগ দিয়েছে তারা।  

ইসরায়েলের সঙ্গে দুই বছরের যুদ্ধের সময় নিহত বা বরখাস্ত কর্মকর্তাদের স্থলাভিষিক্ত হয়ে এ মেয়র ও গভর্নররা এসেছেন বলে জানিয়েছে দুটি সূত্র। বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর ক্র্যাকডাউন চালানোর লক্ষ্যেই গভর্নর হিসেবে তাদের সশস্ত্র শাখার সঙ্গে সম্পৃক্তদের বেছে নেওয়া হয়েছে, এ বিরোধীদের অনেকে ইসরায়েলের কাছ থেকে অস্ত্র ও অর্থ সহায়তা পায় বলে দাবি ফিলিস্তিনি গোষ্ঠীটির। 

হামাস বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কর আদায় করে; সিগারেট, ব্যাটারি, সোলার প্যানেল, মোবাইল ফোনের মতো চোরাপথে আসা পণ্য থেকে ফি-ও নেয়। তারা এখন সরকারি কর্মকর্তা ও যোদ্ধাদেরকে মাসে গড়ে ৫০০ মার্কিন ডলার করে বেতনও দিচ্ছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর নথি অনুযায়ী, গাজার ১৭টি মন্ত্রণালয়ের মধ্যে অন্তত ১৪টি এখন সচল আছে। যুদ্ধের এক পর্যায়ে এরকম সচল মন্ত্রণালয়ের সংখ্যা কমে ৫টিতে দাঁড়িয়েছিল। 

তাদের ২৫টি পৌরসভার মধ্যে অন্তত ১৩টিও সচল হয়েছে, বলছে ইসরায়েলি সামরিক বাহিনী। 

“শাথের হাতে হয়তো গাড়ির চাবি থাকতে পারে, তাকে চালানোরও সুযোগ দেওয়া হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সেটি হামাসেরই গাড়ি থাকবে,” রয়টার্সকে এমনটাই বলেছে নাম প্রকাশে একটি সূত্র।  

ইসরায়েলি সামরিক বাহিনীর প্রতিবেদনেও একই ধরনের আশঙ্কা প্রকাশ করা হয়েছে।  

“সামনে তাকালে, হামাস অস্ত্র সমর্পণ না করলে যদি তারা টেকনোক্র্যাটদের ওই কমিটির আওতায়ও থাকে, তাও গাজা ভূখণ্ডে প্রভাব ও নিয়ন্ত্রণ বজায়ের ক্ষেত্রে হামাসই জিতবে বলে আমাদের মনে হয়,” মূল্যায়নে বলেছে তারা। 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গাজায় ট্রাম্পের টেকনোক্র্যাট কমিটির প্রবেশে যত দেরি হবে ততই প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামোতে হামাসের প্রভাব জোরদার হতে থাকবে। 

তবে হামাসের কর্মকর্তারা বলছেন, প্রভাব বিস্তারের উদ্দেশ্যে নয়, প্রশাসনিক কার্যক্রম সচল ও জরুরি সেবা নিশ্চিত অব্যাহত রাখতে সাময়িক ব্যবস্থা হিসেবে এ কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে তারা।  

তবে তাদের এ নিয়োগ নিয়ে গাজার ১৫ সদস্যের টেকনোক্র্যাট কমিটির ঘনিষ্ঠ একটি সূত্র হতাশা প্রকাশ করে বলেছে, পূর্ণ প্রশাসনিক, বেসামরিক ও পুলিশি ক্ষমতা ছাড়া ওই কমিটি তার দায়িত্ব কার্যকরভাবে পালন করতে পারবে না।