ইউক্রেইনের লভিভে রাশিয়ার আকাশ হামলায় শিশুসহ নিহত ৭
আগের দিন দেশটির পোলতভা নগরীর একটি সামরিক ইন্সটিটিউটে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৫০ জন নিহত হন।
ইউক্রেইনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় তিন শিশুসহ সাতজন নিহত হয়েছেন।
রাতভর এসব হামলা চালানো হয় বলে বুধবার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
এই হামলায় লভিভের কেন্দ্রস্থলে একটি ঐতিহাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগের দিন দেশটির পোলতভা নগরীর একটি সামরিক ইন্সটিটিউটে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৫০ জন নিহত ও আরও শতাধিক মানুষ আহত হয়। এটি চলতি বছর ইউক্রেইনে রুশ বাহিনীর চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা।
রয়টার্স জানিয়েছে, রাশিয়া লভিভ বা পোলতভা নগরীতে হামলা নিয়ে এ পর্যন্ত কোনো মন্তব্য করেনি। বুধবার রাশিয়া বলেছে, রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেইনের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় মস্কো ‘অত্যন্ত বেদনাদায়ক’ জবাব দেবে।
ইউক্রেইনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার সর্বশেষ আক্রমণ চলাকালে শত্রুর ছোড়া ১৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে সাতটি এবং ২৯টি ড্রোনের মধ্যে ২২টি গুলি করে ধ্বংস করেছে তারা।
আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম কোজিটস্কি টেলিগ্রাম অ্যাপে জানিয়েছেন, লভিভে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে নয়, ১০ ও ১৪ বছর বয়সী তিনটি শিশু রয়েছে।
ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লেমানকো জানিয়েছেন, এই হামলায় প্রায় ৪০ জন আহত হয়েছেন।
লভিভ নগরীর মেয়র আন্দ্রি সাদোভই রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে বলেছেন, হামলায় স্কুল, বাড়ি ও ক্লিনিকসহ ৭০টিরও বেশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
