২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করতে ইচ্ছুক চীন: শি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও স্থিতিশীল দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ার আহ্বানও জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করতে ইচ্ছুক চীন: শি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 25 Oct 2023, 06:19 PM

Updated : 25 Oct 2023, 06:19 PM

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করতে ইচ্ছুক, যাতে দুই পক্ষই মতভেদ দূরে সরিয়ে রেখে বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করতে পারে।

বুধবার শি একথা বলেছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। নিউ ইয়র্কের সদরদপ্তরে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক বিষয়ক ন্যাশনাল কমিটির এক বার্ষিক নৈশভোজে পাঠানো চিঠিতে শি বলেন, যুক্তরাষ্ট্র এবং চীন সুসম্পর্ক গড়ার সঠিক পথ খুঁজে পাচ্ছে কিনা সে বিষয়টি বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও স্থিতিশীল দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ার আহ্বান জানান শি। এই সম্পর্ক পারষ্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং দুপক্ষই লাভবান হওয়ার মতো সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে তোলা উচিত বলে তিনি মন্তব্য করেন।

এ সপ্তাহের শেষ দিকে ওয়াশিংটনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সফরের আগে দিয়ে চীনের প্রেসিডেন্ট শি’র এই বক্তব্য এল।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর করবেন। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা (এপিইসি) শীর্ষ সম্মেলনের ফাঁকে জো বাইডেনের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি’র দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগে দিয়ে ওয়াংয়ের ওয়াশিংটন সফরই সরা্সরি সবচেয়ে উচ্চ-পর্যায়ের যোগাযোগ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও এই গ্রীষ্মেই চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

চীনের রাষ্ট্র পরিচালিত গ্লোবাল টাইমস পত্রিকা এক মন্তব্যে লিখেছে, চীনের পর্যবেক্ষকদের বিশ্বাস,  এই ওয়াশিংটন সফর (ওয়াং ই) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং চীনের প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের সম্ভাবনার পথ সুগম করবে। তবে ওয়াশিংটনেরও বেইজিংয়ের উদ্বেগের বিষয়গুলো নিয়ে কথা বলা এবং আন্তরিকতা দেখানোর বাস্তবসম্মত চেষ্টা করা প্রয়োজন।”