গাজায় চলছে জোর বিমান হামলা, সীমান্ত নিয়ন্ত্রণে আনার দাবি ইসরায়েলের
গত ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বোমা হামলা চলছে গাজায়। ইসরায়েলের সেনাবাহিনী গাজা সীমান্তের আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছে।
ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার তিনদিন পর গাজা সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করেছে ইসরায়েল। গাজায় এখনও চলছে তীব্র বিমান হামলা।
ইসরায়েল বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাতে থাকলে হামাস জিম্মি ইসরায়েলিদের হত্যার হুমকি দেওয়ার পরও বিমান হামলা বন্ধ হয়নি। প্রচণ্ড শক্তিতে হামাসের ওপর হামলা চালিয়ে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল।
গতরাতে গাজার ২০০ টি নিশানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত ২০ বছরের মধ্যে গাজায় এমন ভয়াবহ বোমা হামলা দেখা যায়নি বলে জানিয়েছেন বিবিসি’র এক সাংবাদিক।
ইসরায়েলের সেনাবাহিনী গাজা সীমান্তের আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছে। তারা বলেছে, সোমবার রাত থেকে কেউ (হামাস সদস্য) গাজা থেকে ইসরায়েলে অনুপ্রবেশ করেনি।
তবে তিনদিনের লড়াইয়ে গাজা উপত্যকার আশপাশে প্রায় ১ হাজার ৫০০ হামাস যোদ্ধার লাশ পাওয়া গেছে বলে মঙ্গলবার জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
গত শনিবার থেকে চলা ইসরায়েলি হামলায় গাজার অন্তত ৭০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। গাজা উপত্যাকায় সোমবার ইসরায়েলের সর্বাত্মক অবরোধ আরোপের পর হামলা আরও বেড়েছে। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।
