২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এখনও অত্যন্ত ইতিবাচক: মোদী

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে অত্যন্ত ইতিবাচক এবং উন্নয়নমুখী ব্যাপক ও বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন মোদী।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এখনও অত্যন্ত ইতিবাচক: মোদী
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2025, 09:41 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের কাছে ‘ভারতকে হারানো’ বিষয়ক মন্তব্যের গুরুত্ব কমিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্বের বিষয়টি ফের নিশ্চিত করেছেন। এর প্রতিক্রিয়ায় মোদী বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের মিত্রতা এখনও ‘অত্যন্ত ইতিবাচক’ আছে।  

শনিবার সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে মোদী বলেছেন, “আমাদের সম্পর্কের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি ও ইতিবাচক মূল্যায়নের আন্তরিক প্রশংসা করছি আর এর পূর্ণ প্রতিদান দেবো।” 

তিনি আরও বলেছেন, “ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে অত্যন্ত ইতিবাচক এবং উন্নয়নমুখি ব্যাপক ও বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে।” 

রাশিয়ার তেল কেনার মাধ্যমে নয়া দিল্লি ইউক্রেইনে মস্কোর প্রাণঘাতী আক্রমণে ইন্ধন যোগাচ্ছে, এমন অভিযোগ তুলে ভারত থেকে আমদানি করা পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এতে এই দুই দীর্ঘদিনের মিত্রের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। 

এরমধ্যে শুক্রবার ট্রাম্প মন্তব্য করেন, রাশিয়ার সঙ্গে ভারতও ‘চীনের মধ্যে’ হারিয়ে গেছে বলে মনে হচ্ছে তার। এতে দুই দেশের মধ্যে ফাটল আরও তীব্র হয়ে উঠছে বলে জল্পনা শুরু হয়। চীনে এক নিরাপত্তা সম্মেলনে মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করার পর ট্রাম্প ওই মন্তব্য করেন। 

আল জাজিরা জানিয়েছে, শুক্রবারই পরে সাংবাদিকরা তার ওই মন্তব্যের বিষয়ে জিজ্ঞেস করলে ট্রাম্প তার আগের অবস্থান থেকে সরে বলেন, যুক্তরাষ্ট্র ভারতকে চীনের কাছে হারিয়ে ফেলছে তিনি এমনটি মনে করেন না।  

তিনি বলেন, “ভারত রাশিয়া থেকে অনেক বেশি তেল কিনছে, আপনারা তা জানেন। আমি এটি নিয়ে অত্যন্ত হতাশ আর তা তাদের জানালাম।”

 ট্রাম্প জানান, তিনি ‘সব সময় মোদীর বন্ধু থাকবেন’। এরপর তিনি জোর দিয়ে বলেন, “ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে, এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।” 

আরও পড়ুন: 

মনে হচ্ছে ভারত-রাশিয়াকে 'অন্ধকারময় চীনের কাছে' হারিয়েছি: ট্রাম্প