২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এখানেই ছিল মেয়েটা’, টেক্সাসে সামার ক্যাম্পের ধ্বংসস্তুপে বাবার হাহাকার

টেক্সাসের গুয়াডালুপে নদীর ধারে সামার ক্যাম্পে গিয়েছিল মাইকেলের আট বছরের মেয়েটি। নদীতে হড়পা বান আসার পর থেকেই তার আর কোনও হদিস মিলছে না।

‘এখানেই ছিল মেয়েটা’, টেক্সাসে সামার ক্যাম্পের ধ্বংসস্তুপে বাবার হাহাকার
বন্যায় তছনছ হওয়া মিসটিক সামার ক্যাম্পের একটি কেবিন। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2025, 11:35 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। এক বাবা হাতড়ে বেড়াচ্ছেন ধ্বংসস্তূপ। মেয়েকে খুঁজছেন তিনি। পাথরের দেয়ালঘেরা জানালা ভাঙা একটি কেবিনের ধ্বংসস্তুপ খুঁজতে খুঁজতে মেয়ের নাম লেখা একটি তোয়ালে, ব্রেসলেট এবং পারিবারিক ছবি পেলেন বাবা। তারপরই কান্নায় ভেঙে পড়ে তার হাহাকার, “এখানেই ছিল আমার মেয়েটা।” 

টেক্সাসের গুয়াডালুপে নদীর ধারে সামার ক্যাম্পে গিয়েছিল মাইকেলের আট বছরের মেয়েটি। নদীতে হড়পা বান আসার পর থেকেই তার আর কোনও হদিস মিলছে না। গত শুক্রবার থেকেই ভারি বৃষ্টি শুরু হয়েছিল টেক্সাসের নানা জায়গায়। এতে আচমকাই নদীর পানি বেড়ে দেখা দেয় বন্যা। 

সপ্তাহান্তে ওই নদীর ধারেই আয়োজন করা হয়েছিল গ্রীষ্মকালীন ক্যাম্পের। নদীর পানি ঢুকে ভেসে যায় ক্যাম্প। ভেসে যায় শিশুরাও। শনিবার রাত পর্যন্ত নিখোঁজ ছিল ২৭ জন। যার মধ্যে ছিল মাইকেলের মেয়েও।

মাইকেল টেক্সাসের অস্টিনের বাসিন্দা। শুক্রবার অন্য অনেক অভিভাবকের মতো তিনিও একটি বার্তা পান। সে বার্তায় তাকে জানানো হয়, তার সন্তান নিখোঁজ। 

তার পরই টেক্সাসের সামার ক্যাম্পে ছুটে যান মাইকেল। পানি নেমে যাওয়ার পর ক্যাম্পের কেবিনগুলো ঘুরে দেখতে থাকেন তিনি। তখনই চোখে পড়ে মেয়ের নাম লেখা সেই তোয়ালে। 

আকস্মিক বন্যার সময় ক্যাম্পটিতে আনুমানিক ৭৫০ জন মেয়ে ছিল, যাদের অধিকাংশকেই নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। কর্তৃপক্ষ জানায়, সেদিন ঘটনাস্থল থেকে অন্তত ১৮ জন প্রাপ্তবয়স্ক এবং ১৪টি শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। আরও অন্তত ২৭ শিশু নিখোঁজ থাকার কথা জানানো হয়েছিল। 

পরে রোববার বিবিসি জানিয়েছে, বন্যায় টেক্সাসের ৫ কাউন্টি মিলে অন্তত ৬৯ জন নিহত হয়েছে। কার কাউন্টির শেরিফ জানান, সেখানে নিহত ৫৯ জনের মধ্যে ২১ জনই শিশু। আর গুয়াডালুপে নদীর ধারের ‘মিসটিক’ সামার ক্যাম্পের ১১ জন মেয়ে এখনও নিখোঁজ রয়েছে। সঙ্গে নিখোঁজ রয়েছেন একজন কাউন্সিলরও।

শুক্রবার ভোরে মাত্র ৪৫ মিনিটে গুয়াডালুপে নদীর পানির স্তর ২৬ ফুট (আট মিটার) বেড়ে গিয়েছিল। স্থানীয়রা বলছেন, আচমকা যে পানি এতটা বাড়বে তা বোঝা যায়নি। কোনও আগাম সতর্কতাও ছিল না।

নদীর তীরে একটি রেস্তরাঁ চালান জেরার্ডো মার্টিনেজ। তার কথায়,  “জনশ্রুতি আছে যে, প্রতি ১০০ বছরে একবার এমন ভয়ঙ্কর বন্যা হয়। আমরা সেটি দেখলাম।  এর আগে এমনটি দেখিনি। আর যেন জীবদ্দশায় না দেখতেও হয়।”

বন্যার পানির তোড়ে ভেঙেছে গাছ, উল্টে গেছে গাড়ি। উদ্ধারকর্মীরা পায়ে হেঁটে, ট্রাক চালিয়ে, হেলিকপ্টার ও ড্রোনে করে ধ্বংসস্তূপের ভেতর জীবিতদের সন্ধান করছে। হতবিহ্বল অনেক মা–বাবাও নিখোঁজ সন্তানদের খুঁজছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে তারা ঈশ্বরের সাহায্য কামনা করছেন। মাইকেলও তন্নতন্ন করে মেয়ের জিনিসপত্র খুঁজে চলেছেন। আর বিড়বিড় করে বলছেন, “অলৌকিক কিছু তো হতেই পারে। আশা রাখি।”