ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে চাওয়ার পর সেখানে পা রাখলেন ছেলে
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের ছেলে অবশ্য গ্রিনল্যান্ডে পৌঁছানোর আগেই বলে দিয়েছেন, তার এ সফর ব্যক্তিগত।
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ আগেই ডেনমার্কের স্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। এবার গ্রিনল্যান্ড ভ্রমণে গিয়ে সেখানে পা রাখলেন তার বড় ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র।
ট্রাম্পের ছেলে অবশ্য গ্রিনল্যান্ডের রাজধানীতে পৌঁছানোর আগেই বলে দিয়েছেন, তার এ সফর ব্যক্তিগত। তিনি পর্যটক হিসেবে গ্রিনল্যান্ড সফর করছেন।
ট্রাম্প জুনিয়র উল্লেখ করেন, তার উদ্দেশ্য জনগণের সঙ্গে কথা বলা। সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কোনও পরিকল্পনা তার নেই।
ছেলের এই ভ্রমণের আগে গতবছর ডিসেম্বরে ডনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছিলেন, “যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ নেওয়া একান্ত জরুরি।” একথা বলে তিনি নতুন করে বিতর্ক উস্কে দেন।
ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদেও এই আর্কটিক দ্বীপ দেশটি কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী দুইবারই এর কড়া প্রতিবাদ জানান। “গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, গ্রিনল্যান্ড কেবল গ্রিনল্যান্ডের মানুষের জন্য” বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
৫৭,০০০ জনসংখ্যার দেশ গ্রিনল্যান্ড। দেশটিতে স্বায়ত্তশাসন থাকলেও কোপেনহেগেনের ভর্তুকির ওপর দেশটি ব্যাপকভাবে নির্ভরশীল। তাই স্বায়ত্তশাসিত হলেও ডেনমার্ক কিংডমের একটি অংশ হিসাবে রয়ে গেছে গ্রিনল্যান্ড।
ডেনমার্ক সরকার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের ছেলে ট্রাম্প জুনিয়রের সফর সম্পর্কে বেশিকিছু বলেনি। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, এটি কোনও সরকারি সফর নয়।
বিবিসি-কে মন্ত্রণালয় বলেছে, “আমরা ডনাল্ড ট্রাম্প জুনিয়রের গ্রিনল্যান্ড সফরের বিষয়টি লক্ষ্য করেছি। তবে যেহেতু এটি যুক্তরাষ্ট্রের কোনও আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর নয়, তাই ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রণালয় এ বিষয়টি নিয়ে আর কোনও মন্তব্য করবে না।”
তবে দেশটির বেশ কয়েকজন বিরোধী রাজনীতিবিদ এ সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ওদিকে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার তার ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছেলের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “ডনাল্ড ট্রাম্প জুনিয়র গ্রিনল্যান্ডের সবচেয়ে চমৎকার কিছু এলাকা ও দর্শনীয় স্থান ভ্রমণ করবেন।” ট্রাম্প আরও বলেন, “গ্রিনল্যান্ড এবং এর জনগণ ব্যাপকভাবে উপকৃত হবে যদি এবং কখনও এটি আমাদের জাতির অংশ হয়ে যায়।”
গত মাসে ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার আগ্রহ পুনর্ব্যক্ত করার কয়েক ঘণ্টা পর ডেনমার্ক সরকার দ্বীপটির জন্য প্রতিরক্ষা ব্যয় ব্যাপক হারে বাড়ানোর ঘোষণা দেয়।
