২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিপ্পন স্টিলের কাছে ইউএস স্টিল বিক্রি আটকালেন বাইডেন

জাপানের নিপ্পন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হানিকারক পদক্ষেপ নিতে পারে এমন ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’আছে- এক ঘোষণায় বলেছে হোয়াইট হাউজ।

নিপ্পন স্টিলের কাছে ইউএস স্টিল বিক্রি আটকালেন বাইডেন
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2025, 09:52 PM

Updated : 26 Aug 2026, 11:17 AM

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ১৪৯০ কোটি ডলারে ইউএস স্টিল জাপানের নিপ্পন স্টিলের কাছে বিক্রি হওয়া বন্ধ করেছেন।

এই অধিগ্রহণ চুক্তি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে- এমন যুক্তিতে এক নির্বাহী আদেশে বাইডেন এটি রদ করেন।

তার এই আদেশ ঘোষণা করে হোয়াইট হাউজ বলেছে, “ফার্মটি (নিপ্পন) যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে হানিকারক পদক্ষেপ নিতে পারে এমন বিশ্বাসযোগ্য প্রমাণ আছে।”

জাপানের নিপ্পন এক বছর আগেই ইউএস স্টিল কিনতে চেয়েছিল। চুক্তির অনুমোদন নিশ্চিত করতে নিপ্পন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে ইউএস স্টিলের ব্যবসায় কোটি ডলার বিনিয়োগ করারও প্রতিশ্রুতি দেয়।

তবে এরপরও এই একীভূতকরণের বিষয়টি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়ায়। কারণ, দুই দলের (সরকারি ও বিরোধী দল) রাজনীতিবিদরাই আমেরিকান উৎপাদন খাতকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

এমন পরিস্থিতিতে দেশের একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বিক্রির বিষয়টি যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান  কিংবা অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা সৃষ্টি হয়।

আবার নিপ্পন স্টিলের মতো জাপানের  একটি শীর্ষস্থানীয় কোম্পানির কাছ থেকে বড় আকারের বিনিয়োগ হাতছাড়া করলে তা টোকিও-ওয়াশিংটনের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও সম্প্রতি বাইডেনকে সতর্ক করেছিলেন তার উর্ধ্বতন উপদেষ্টাদের কেউ কেউ।

ওদিকে, ইউএস স্টিলও বলেছিল, এই অধিগ্রহণ চুক্তি কোম্পানির বিপদে পড়া ব্যবসাকে শক্তিশালী করতে বিশেষ প্রয়োজন। কোম্পানিটি সস্তা বিদেশি ইস্পাত, বিশেষ করে চীনের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হিমশিম খাচ্ছিল।

তবে বাইডেন যুক্তি দিয়ে আসছিলেন যে, কোম্পানিটি যুক্তরাষ্ট্রের মালিকানাধীন থাকা উচিত, যাতে দেশের ইস্পাতশিল্পের কর্মসংস্থান সুরক্ষিত থাকে।

যুক্তরাষ্ট্র সরকারের একটি শীর্ষ সংস্থার কর্মকর্তাদের কমিটিও ইউএস স্টিলকে নিপ্পন স্টিলের কাছে বিক্রির ব্যাপারে আনুষ্ঠানিক কোনও সুপারিশ না করায় বাইডেন পরে বিক্রয় চুক্তি আটকানোর এই সিদ্ধান্ত নেন।

সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের ফরেইন ইনভেস্টমেন্ট কমিটি  ‘সিএফআইইউএস’চুক্তিটি নিয়ে কয়েকমাসের দীর্ঘ পর্যালোচনার সময় সিদ্ধান্ত নিতে পারছিল না যে,  এ চুক্তি দেশের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কি না।

কমিটি এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়ে পরে চুক্তিটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার বাইডেনের ওপরই ছেড়ে দেয়। এরপর বাইডেনের হাতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ছিল মাত্র ১৫ দিন।

তবে চুক্তিটিতে বাইডেনের বিরোধিতাই শেষ কথা নাও হতে পারে। নিপ্পন এবং ইউএস স্টিল উভয়ই অধিগ্রহণ চুক্তিতে অনুমোদন পেতে আদালতে আইনি লড়াইয়ের অঙ্গীকার করেছিল। তা বাইডেন কিংবা ভাবি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যিনিই এ চুক্তি আটকান না কেন।

বাইডেন এখন তার বিদায় বেলায় চুক্তিটি আটকে দেওয়ার যে সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে ইউএস স্টিল এবং জাপানের নিপ্পন স্টিল কারও কাছ থেকেই তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।