ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত থাকার ঘোষণা ইয়েমেনের হুতিদের
ইয়েমেনের হুতি গোষ্ঠী যুদ্ধে জড়ালে এক নতুন ফ্রন্ট খুলে যাবে। হুতিদের লক্ষ্য হবে ইয়েমেন উপকূলের বাব আল-মান্দেব প্রণালি।
ইরানের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ শুরু করতে পুরোপুরি প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক হুতির এক নেতা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “আমরা সব ধরনের বিকল্পসহ সামরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। "
এখন পর্যন্ত ইরান ভালো করছে এবং শত্রুকে প্রতিদিন পরাজিত করছে উল্লেখ করে এই নেতা বলেন, “বিপরীত কিছু ঘটে গেলে আমরা বিষয়টি মূল্যায়ন করে দেখব।
“অন্যান্য বিষয় যেমন: জিরো আওয়ার নির্ধারণের ভার নেতাদের। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি এবং অগ্রসর হওয়ার উপযুক্ত সময় কখন তা আমরা জানতে পারব।”
কয়েকজন কূটনীতিক ও বিশ্লেষক বলছেন, হুতিরা ইরানের সঙ্গে সমন্বয় করে যুদ্ধে জড়ানোর একটি সুযোগের অপেক্ষায় আছে, যাতে সর্বোচ্চ চাপ সৃষ্টি করা যায়।
হুতি গোষ্ঠী যুদ্ধে জড়ালে এক নতুন ফ্রন্ট খুলে যাবে। হুতিদের সুস্পষ্ট লক্ষ্য হবে ইয়েমেন উপকূলের বাব আল-মান্দেব প্রণালি। এই প্রণালি হয়ে সুয়েজ খাল অভিমুখে জাহাজ চলাচল করে।
এটিও জাহাজ চলাচলের এক গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। হুতিদের সহায়তায় হরমুজ প্রণালির পর এই জলপথেও হয়ত তখন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে ইরান।
হুতিরা এর আগেও বিভিন্ন সময়ে ওই জলপথে ট্যাংক ও জাহাজে হামলা চালিয়েছে। গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হুতিরা ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলি জাহাজের ওপর হামলা চালিয়ে এসেছে।
ইরানে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর লেবানন এবং ইরাকে ইরানের শিয়া মিত্ররা এরই মধ্যে তেহরানের পক্ষে যুদ্ধে যোগ দিয়েছে।
কিন্তু ইয়েমেনের হুতিরা এখনও এই যুদ্ধে নামেনি। তবে এবার তারা ঘোষণা দিয়ে জানাল, ইরানের সামরিক সমর্থন প্রয়োজন হলে তারা যে কোনও সময় যুদ্ধে নামার জন্য প্রস্তুত।
