২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় যা ঘটছে তার জন্য গোটা বিশ্ব দায়ী: মাহমুদ আব্বাস

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিনের প্রেসিডেন্ট অবিলম্বে গাজায় যুদ্ধ অবসানের ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2024, 11:52 PM

Updated : 26 Aug 2026, 10:33 AM

গাজা এবং পশ্চিম তীরে যা চলছে তার জন্য গোটা বিশ্বকে দায়ী করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রক্তপাত অবসানে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে আব্বাস অবিলম্বে গাজায় যুদ্ধ অবসানের ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।

তিনি বলেন, “এই উন্মাদনা চলতে পারে না। আমাদের জনগণের যা ঘটছে তার জন্য গোটা বিশ্ব দায়ী। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহর নামে বলছি, এ অপরাধ বন্ধ করুন। এখনই বন্ধ করুন। শিশু ও নারীদের হত্যা বন্ধ করুন। গাজায় গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করুন। ইসরায়েলের কাছে অস্ত্র পাঠানো বন্ধ করুন।”

ফিলিস্তিনকে মাতৃভূমি উল্লেখ করে আব্বাস বলেন, “আমরা (এ ভূমি) ছাড়ব না। আমরা ছাড়ব না। আমরা ছাড়ব না। এটা আমাদের বাপ-দাদার জমি। এটা আমাদেরই থাকবে।”

ইসরায়েল গাজায় বেসামরিক মানুষ মারছে না- ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিযাহুর এই দাবি খারিজ করে আব্বাস বলেন, “আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, তাহলে কে ১৫ হাজারের বেশি শিশু মারল?”

যুদ্ধের কারণে অবরুদ্ধ গাজার ২৩ লাখ বাসিন্দার বেশিরভাগই কয়েকবার বাস্তুচ্যুত হয়েছেন। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর মানুষজন স্কুল ভবন ও বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছিলেন। এসব আশ্রয় কেন্দ্রও ইসরায়েলের হামলায় তছনছ হয়েছে।

জাতিসংঘ ভাষণে আব্বাস গাজায় একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি করা এবং পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা অবসানের আহ্বান জানান। একইসঙ্গে গাজায় মানবিক ত্রাণ সরবরাহ এবং ভূখন্ডটি থেকে ইসরায়েলি সেনাবাহিনী পুরোপুরি সরিয়ে নেওয়ারও আহ্বান জানান তিনি।