আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের অভিযানে ২৩ জঙ্গি নিহত
পাকিস্তানের সঙ্গে আফগানিস্তান ও ভারতের উত্তেজনা ফুঁসে উঠতে থাকার মধ্যে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় এ অভিযান চলল।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকার কাছে আলাদাভাবে দুটি অভিযান চালিয়ে অন্তত ২৩ জঙ্গিকে হত্যা করেছে।
পাকিস্তানের সঙ্গে প্রতিবেশী দেশ আফগানিস্তান ও ভারতের উত্তেজনা ফুঁসে উঠতে থাকার মধ্যে এই অভিযান চলল।
পাকিস্তানের সেনাবাহিনী ম্যোশাল মিডিয়ায় এক বিবৃতিতে জানায়, তারা খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় বুধবার থেকে বেছে বেছে হত্যা অভিযান শুরু করেছে।
নিহত জঙ্গিরা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-সহ অন্যান্য নিষিদ্ধ গোষ্ঠীগুলোর যোদ্ধা বলে জানায় তারা।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহতের ঘটনার এক সপ্তাহ পর এই অভিযান চালানো হচ্ছে।
পাকিস্তানের জিও নিউজ জানায়, কুররাম জেলায় ১৯ নভেম্বরে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে চালানো অভিযানে তুমুল গুলিবিনিময়ের পর ১২ জঙ্গি নিহত হয়েছে।
ওই একই এলাকায় আরেকটি জঙ্গি গোষ্ঠীর উপস্থিতির গোয়েন্দা খবরের ভিত্তিতে চালানো আরেক অভিযানে পাকিস্তানের সেনারা আরও ১১ জঙ্গিকে হত্যা করতে সক্ষম হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা এক বিবৃতিতে বৃহস্পতিবার একথা জানিয়েছে। ওইসব এলাকায় ভারত-সমর্থিত অন্য আরও যে কোনও জঙ্গি নির্মূল অভিযান অব্যাহত আছে বলে জানানো হয় বিবৃতিতে।
আফগানিস্তান সরকার পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী, বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলে বরাবরই অভিযোগ করে আসছে পাকিস্তান।
পাকিস্তানে এসব গোষ্ঠী প্রাণঘাতী হামলা চালাচ্ছে বলে দাবি ইসলামাবাদের। সম্প্রতি ভারতের বিরুদ্ধেও অভিযোগ করে পাকিস্তান বলেছে যে, সক্রিয় এই জঙ্গি গোষ্ঠীগুলোকে সহায়তা করছে দিল্লি। তবে ভারত ও আফগানিস্তান এমন অভিযোগ অস্বীকার করেছে।
পাকিস্তান এ সপ্তাহজুড়ে একই অঞ্চলে আরও কিছু অভিযান চালিয়েছে। এসব অভিযানে ৩০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়। কুররামে চালানো অভিযানে নিহতের তালিকায় এর সঙ্গে আরও যোগ হল ২৩ জঙ্গি।
