২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের রিজার্ভ ব্যাংকে বোমা হামলার হুমকি, তদন্ত শুরু

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার নব নিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার ইমেইলে এসেছে রুশ ভাষায় লেখা এই হুমকি সম্বলিত চিঠি।

ভারতের রিজার্ভ ব্যাংকে বোমা হামলার হুমকি, তদন্ত শুরু
ছবি: রয়টার্স

বিডিনিউজ২৪

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2024, 08:14 PM

Updated : 26 Aug 2026, 11:07 AM

‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া’ (আরবিআই)-এর মুম্বাইয়ের সদরদপ্তর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি পাওয়ার পর ঘটনাটির তদন্ত করে দেখতে শুরু করেছে পুলিশ।

আরবিআই- এর নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার ইমেইলে এসেছে রুশ ভাষায় লেখা ওই হুমকি সম্বলিত চিঠি। মুম্বাই পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা একথা জানিয়েছেন।

তিনি বলেন, “আমরা একটি মামলা দায়ের করেছি। তদন্ত চলছে।” বোমা হামলার হুমকির ঘটনায় জড়িত থাকার অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, ইমেল প্রেরকের আইপি অ্যাড্রেস চিহ্নিত করার চেষ্টা চলছে। ভিপিএন ব্যবহার করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

ভারতীয় পত্রিকার খবরে বলা হয়, এর আগে গত নভেম্বরে ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া’র (আরবিআই) কাস্টমার কেয়ার বিভাগে হুমকি ফোন এসেছিল। তবে কোনও বিপদ ঘটেনি।

ভারতে বোমা হামলার হুমকি এখন অহরহই আসছে। চলতি বছর ভারতের শিক্ষা প্রতিষ্ঠান, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর ও এয়ারলাইন্সসহ অনেক জায়গায় কয়েকশ' বোমা হামলার হুমকি এসেছে।

যদিও এখন পর্যন্ত সব হুমকিই ভুয়া প্রমাণিত হয়েছে। গত সোমবার ভারতের রাজধানী দিল্লির অন্তত ৪০টি স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি আসে।

তাছাড়া, চলতি বছরের নভেম্বর পর্যন্ত ভারতের একাধিক বিমানবন্দর ও এয়ারলাইন্স প্রায় হাজার খানেক বোমা হামলার হুমকি পেয়েছে, যা আগের বছরের তুলনায় ১০ গুণ বেশি।