২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কে নড়বড়ে বাইডেন, ট্রাম্পের ফেরা নিয়ে ভাবনায় যুক্তরাষ্ট্রের মিত্ররা

বেশ কয়েকজন বিশ্লেষক, আইনপ্রণেতা এবং বিনিয়োগকারী বলেছেন, প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাইডেনের ভাল করতে না পারাটা তার প্রতিপক্ষ ট্রাম্পকে নির্বাচনী দৌড়ে এগিয়ে দিয়েছে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2024, 11:47 PM

Updated : 26 Aug 2026, 09:53 AM

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মুখোমুখি বিতর্ক দেখেছে গোটা বিশ্ব। কিন্তু তাদের এ বিতর্ক যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য নতুন কোনও প্রত্যয় জাগাতে পারেনি।

দুই প্রার্থীর কেউই চমক দেখাতে না পারলেও তাদের মধ্যে তুলনামূলকভাবে বেশি খারাপ করেছেন বাইডেন। তার দুর্বল পারফরমেন্স খবরের শিরোনাম হয়েছে। খোদ নিজের দলেই সমালোচনার শিকার হচ্ছেন বাইডেন। তার বিকল্প খুঁজছে ডেমোক্র্যাটরা। 

বাইডেনের সমর্থকরা আশা করেছিলেন, বিতর্কে তিনি তার বয়স নিয়ে ভোটারদের উদ্বেগ দূর করতে পারবেন। কিন্তু তা হয়নি। উল্টো বল গেছে ট্রাম্পের কোর্টে। 

বেশ কয়েকজন বিশ্লেষক, আইনপ্রণেতা এমনকী বিনিয়োগকারীও বলেছেন, বাইডেনের বিতর্কে ভাল করতে না পারাটা তার প্রতিপক্ষ ট্রাম্পকে নির্বাচনী দৌড়ে একধাপ এগিয়ে দিয়েছে। ফলে নানা ত্রুটিবিচ্যুতি নিয়েও ট্রাম্পের আবার ক্ষমতায় ফিরে আসার পট প্রস্তুত হয়েছে।

ইউরোপ, এশিয়াসহ বিশ্বের অন্য আরও জায়গায় ট্রাম্পের হোয়াইট হাউজে ফেরার বিষয়টি উদ্বেগজনক। কারণ, ট্রাম্প এর আগে ক্ষমতায় থাকার সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের দেশগুলোর সম্পর্কে টানাপোড়েন দেখা গেছে প্রায়ই।

বিশ্লেষকরা বলছেন, বৃহস্পতিবার ট্রাম্প-বাইডেনের প্রেসিডেন্সিয়াল বিতর্কে বৈদেশিক নীতির বিষয়টি খুব বেশি উঠে আসেনি। কিন্তু বাইডেনের নড়বড়ে বিতর্কের পর এখন যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোকে ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরা নিয়ে প্রস্তুত থাকতে হবে।

জাপানের সাবেক কূটনীতিক ও বর্তমানে ‘ক্যানন ইনস্টিটিউট ফর গ্লোবাল স্টাডিজ’ থিংক ট্যাংকের গবেষণা পরিচালক কুনিহিকো মিয়াকে বলেন, ‘ট্রাম্প জিতেননি, কিন্তু বাইডেন হয়ত নিজের পতন নিজেই ডেকে এনেছেন।”

তিনি আরও বলেন, “আট বছর আগের তুলনায় আমরা এবার অনেক বেশি প্রস্তুত। ইউরোপ এবং এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্ররাও তাই। তারপরও ট্রাম্পের ব্যাপারে আগে থেকে কিছু বলা যায় না।”

এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া। কিনতু এই দুটি দেশের সঙ্গেও ট্রাম্প আমলে সামরিক সহায়তার জন্য তার আরও অর্থ দাবি এবং বাণিজ্য নিয়ে উত্তেজনার কারণে সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছিল।

টোকিওয় জাপানের তাকুশোকু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাকাশি কাওয়াকামি বলেন, “জাপানের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ট্রাম্প আসলেই নিরাপত্তা জোটকে মূল্য দেবেন কিনা এবং তা বজায় রাখবেন কিনা সেটি।”

সিউলের ‘আসান ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ’ এর রিসার্চ ফেলো পিটার লি বলেন, “এবারের    প্রেসিডেন্সিয়াল       বিতর্ক দ্বিতীয়বারের মতো ট্রাম্প প্রশাসন আসার সম্ভাবনা জাগিয়ে স্পষ্টতই অনেক বেশি স্বস্তি এনে দিয়েছে রিপাবলিকান শিবিরে।

ট্রাম্প ফের ক্ষমতায় এলে মিত্রদেরকে প্রতিরক্ষা ব্যয়ের জন্য চাপ দেওয়ার ক্ষেত্রে ‘আরও কঠোর’ হবেন বলে মন্তব্য করেন পিটার।

ট্রাম্প তার আমলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শুরু করেছিলেন। আবার ক্ষমতায় গেলে তিনি সব চীনা পণ্যের ওপর শুল্ক আরও বাড়ানোরও পরিকল্পনা করে রেখেছেন ইতোমধ্যেই।

এবছর ফেব্রুয়ারিতে ওয়াশিংটন পোস্ট পত্রিকা প্রথম এক প্রতিবেদনে জানিয়েছিল, ট্রাম্প শিবির চীনা পণ্যে ৬০ শতাংশ শুল্ক আরোপের চিন্তাভাবনা করছে। ট্রাম্প  পরে জানান, তিনি দ্বিতীয়বার ক্ষমতায় গেলে এই শুল্ক আরও বাড়ানো হতে পারে।

‘ইউজিন ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ’ এর বিশ্লেষক লি জে-ইল বলেন, যুক্তরাষ্ট্রের বাজারের ওপর নির্ভরশীল গাড়ি নির্মাতাদের মতো বিদেশি ফার্মগুলোও ট্রাম্পের আগের মেয়াদে আরোপিত শুল্ক-সম্পর্কিত নানাবিধ নীতির কারণে তার ক্ষমতায় ফেরা নিয়ে উদ্বিগ্ন থাকবে।

বাণিজ্য যুদ্ধে একজন ক্ষ্যাপাটের মতো ট্রাম্প কেবল চীনই নয়, অন্যান্য দেশের বিরুদ্ধেও শুল্ক আরোপ করতে পারেন বলে মনে করেন সিউলের বিশিষ্ট অর্থনীতিবিদ স্টিফেন লি।

ট্রাম্প তার আগের প্রশাসনে ইউরোপে পশ্চিমা সামরিক জোট নেটো নিয়ে সমালোচনা করেছিলেন এবং এই জোটের অন্যান্য সদস্যদের আরও বেশি প্রতিরক্ষা তহবিল দেওয়া উচিত বলে বারবার জোর দাবি জানিয়ে এসেছিলেন।

এবার ইউক্রেইনে রাশিয়ার যুদ্ধের কারণে নেটোর দোরগোড়ায় সংঘাতের ডঙ্কা বাজছে। তাই নেটোর প্রতি ট্রাম্পের বিরূপ মনোভাব নিয়ে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলো এবারে আরও বেশি উদ্বিগ্ন।

ট্রাম্প বৃহস্পতিবারের বিতর্কে বাইডেনের বিরুদ্ধে বাণিজ্যের ক্ষেত্রে চীনকে রুখে না দাঁড়ানো নিয়ে অভিযোগ করেছেন। 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাইডেনকে ‘সম্মান’ করে না বলে ট্রাম্প কটাক্ষ করেছেন। বাইডেন দেশকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

ওদিকে, জবাবে চীনের প্রসঙ্গে বাইডেন বলেন, ট্রাম্পের শুল্ক প্রস্তাবের ফলে আমেরিকান ভোক্তাদের ব্যয় বেড়ে যাবে। আর কিম এবং পুতিনদের পছন্দ অনুযায়ী ট্রাম্প তাদের ‘খুশি রাখার চেষ্টা করেন’ বলে বাইডেন অভিযোগ করেন।

ট্রাম্প-বাইডেন বিতর্ক চলাকালে সিডনিতে ট্রাম্প টু.জিরো   (২.০)    শীর্ষক একটি কর্মশালায় অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন কর্মকর্তা ও বিশেষজ্ঞ অংশ নেন।

কর্মশালায় উপস্থিত সিডনির ‘ইউনাইটেড স্টেটস স্টাডিজ সেন্টার’ এর অধ্যাপক পিটার ডিন বলেন, এ বিতর্ক দেখে আজ প্রথমেই যে অনুভূতি হয়েছে তা হল, “বাইডেনের জন্য এটা ছিল এক বিপর্যয়।”

“বিতর্কের পরে    আমেজ     অনেকটাই বদলে গেছে এবং সাধারণ অভিমত হল, আপনি যদি ট্রাম্প   টু.জিরো-     এর জন্য প্রস্তুতি না নিয়ে থাকেন, তাহলে প্রস্তুতি নেওয়াটাই এখন ভাল হবে।”

যুক্তরাজ্যের বিরোধীদল লেবার পার্টির নেতা এবং আগামী সপ্তাহে অনুষ্ঠেয় নির্বাচনে সামনের সারিতে থাকা কিয়ার স্টারমারকে বিবিসি রেডিওতে জিজ্ঞাসা করা হয়েছিল, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্সিয়াল বিতর্কের পরে তিনি বাইডেনকে নিয়ে উদ্বিগ্ন কিনা।

জবাবে এ মুহূর্তে নিজেদের নির্বাচনী প্রচার নিয়েই যথেষ্ট মাথা ঘামাতে হচ্ছে জানিয়ে স্টারমার বলেন, “যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক শক্তিশালী, এ সম্পর্ক ঐতিহাসিক; আর অবশ্যই তা কোনও ব্যক্তিবিশেষের ঊর্ধ্বে।”