১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মার্কিন ডেস্ট্রয়ারের ওপর দিয়ে উড়ে গেল ভেনেজুয়েলার যুদ্ধবিমান, ‘উসকানি’ দেখছে পেন্টাগন

ভেনেজুয়েলার এক নৌযানে মার্কিন হামলায় ১১ জন নিহত হওয়ার দুই দিন পর এ ঘটনা ঘটল।

মার্কিন ডেস্ট্রয়ারের ওপর দিয়ে উড়ে গেল ভেনেজুয়েলার যুদ্ধবিমান, ‘উসকানি’ দেখছে পেন্টাগন
প্রতিনিধিত্বশীল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2025, 01:27 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারের ওপর দিয়ে ভেনেজুয়েলার দুটি এফ-১৬ জঙ্গিবিমান উড়ে যাওয়ার পর ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের জোরদার সামরিক অভিযানে হস্তক্ষেপের ব্যাপারে কারাকাসকে কড়া সতর্কবার্তা দিয়েছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার ভেনেজুয়েলার ওই দুটি যুদ্ধবিমান ইউএসএস জেসন ডানহামের ওপর দিয়ে উড়ে যায় বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন। 

ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। মাত্র দুদিন আগেই ভেনেজুয়েলার এক নৌযানে মার্কিন হামলায় ১১ জন নিহত হয়েছিল। ওই নৌযানটি অবৈধ মাদক নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের। 

নৌযানে মার্কিন হামলার পর ডেস্ট্রয়ারের ওপর দিয়ে ভেনেজুয়েলার যুদ্ধজাহাজের উড়ে যাওয়া দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।  

আইন বিষয়ে বিশেষজ্ঞরা ভেনেজুয়েলার নৌযানে মার্কিন হামলার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুললেও ট্রাম্প প্রশাসন বলছে, অপরাধী গোষ্ঠী ত্রেন দে আরাগুয়ার সন্দেহভাজন সদস্যদের ওপর হামলার এখতিয়ার তাদের আছে। 

এই গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রে মাদক পাচারে জড়িত অভিযোগ করে ওয়াশিংটন চলতি বছরই তাদেরকে ‘সন্ত্রাসী সংগঠনের’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। 

বৃহস্পতিবারের ঘটনা নিয়ে দেওয়া বিবৃতিতে পেন্টাগন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে মাদক চোরাকারবারী চক্র বলে আখ্যা দিয়েছে। মাদুরোই ত্রেন দে আরাগুয়া চালান বলে ট্রাম্প আগেও অভিযোগ করেছেন। কারাকাস এসব অভিযোগ অস্বীকার করে আসছে। 

“আজ, মাদুরো সরকারের দুটো সামরিক বিমান আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন নৌযানের কাছ দিয়ে উড়ে গেছে,” কর্মকাণ্ডটিকে ‘অত্যন্ত উসকানিমূলক পদক্ষেপ’ আখ্যা দিয়ে বিবৃতিতে বলেছে পেন্টাগন।

“ভেনেজুয়েলা চালাচ্ছে এমন চক্রকে পরামর্শ দেওয়া হচ্ছে, তারা যাতে মার্কিন সামরিক বাহিনী কর্তৃক পরিচালিত মাদকবিরোধী ও সন্ত্রাসবিরোধী অভিযানকে বাধাগ্রস্ত করতে, ঠেকাতে বা হস্তক্ষেপে আর কোনো চেষ্টা না করে,” বলেছে তারা। 

এ প্রসঙ্গে রয়টার্স ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ের মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে তাদের সাড়া পায়নি।  

ভেনেজুয়েলার যুদ্ধবিমানগুলো যে ডেস্ট্রয়ারের ওপর দিয়ে উড়ে গেছে, সেই ইউএসএস জেসন ডানহাম এখন ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের অন্তত ৭টি যুদ্ধজাহাজের একটি। এসব যুদ্ধজাহাজের সঙ্গে ওয়াশিংটন ওই অঞ্চলে সাড়ে চার হাজারের বেশি সেনা ও মেরিনও মোতায়েন করেছে। সীমান্তের কাছে তাদের এমন শক্তি বৃদ্ধি কারাকাসের উদ্বেগ বাড়িয়েছে। 

মার্কিন সেনারা এখন পুয়ের্তোরিকোর দক্ষিণে উভচর যান ও বিমান নিয়ে মহড়াও চালাচ্ছেন। 

মাদক পরিবহন করছে বলে সন্দেহভাজন নৌযান জব্দ এবং এর ক্রুদের আটক না করে নৌযান উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্যও বেশ অস্বাভাবিক। এটি আল-কায়েদার মতো জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াইয়ের কথাও স্মরণ করিয়ে দেয়, বলছে রয়টার্স। 

যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্যে অবৈধ মাদকের হুমকির বিষয়টি উদ্ধৃত করে বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ভেনেজুয়েলার নৌযানে হামলার পক্ষে অবস্থান নেন এবং এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানান। 

“আমেরিকার জনগণকে বিষ দেওয়ার দিন শেষ,” বলেন হেগসেথ। 

মিনেসোটা থেকে নির্বাচিত ডেমোক্র্যাট আইনপ্রণেতা ইলহান ওমর দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ট্রাম্পর ‘আইনবহির্ভূত কর্মকাণ্ডের’ নিন্দা জানিয়েছেন।  

“ভেনেজুয়েলা বা ত্রেন দে আরাগুয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি মার্কিন কংগ্রেস, এবং কোনো গোষ্ঠীকে কেবলমাত্র সন্ত্রাসী সংগঠন ঘোষণার মাধ্যমে কোনো প্রেসিডেন্টই যুদ্ধ ও শান্তি সংক্রান্ত বিষয়ে কংগ্রেসের সুস্পষ্ট সংবিধানিক ক্ষমতা উপেক্ষা করার পূর্ণ অধিকার পান না,” বিবৃতিতে এমনটাই বলেছেন ওমর।