২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের পতাকা অর্ধনমিত থাকার মধ্যে অভিষেকে আপত্তি ট্রাম্পের

সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যু পর তার সম্মানে দেশের পতাকা ৩০ দিন অর্ধনমিত রাখার মধ্যেই পড়ে নতুন প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের অভিষেক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2025, 05:33 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুর পর তার সম্মানে দেশের পতাকা ৩০ দিন অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এই ৩০ দিনের মধ্যেই পড়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিষেক। আর সেই বিশেষ দিনটিতেই কার্টারের সম্মানে পতাকা এমন অর্ধনমিত থাকাটা মেনে নিতে পারছেন না ট্রাম্প। তিনি এরই মধ্যে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন। 

আগামী ৯ জানুয়ারিতে কার্টারের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। সেদিনের ওই অনুষ্ঠানে ট্রাম্প অংশ নেবেন বলে জানিয়েছেন।

তবে তিনি তার অভিষেকের দিনটিতে শোকের প্রতীক হিসাবে যুক্তরাষ্ট্রের পতাকা অর্ধনমিত থাকার বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। 

অভিযোগ করে শুক্রবার ট্রুথ স্যোশালে এক পোস্টে তিনি লেখেন, “ভাবি একজন প্রেসিডেন্টের অভিষেকের সময় প্রথমবারের মতো পতাকা এমন অবস্থানে থাকবে। এটি কেউই দেখতে চায় না। কোনও আমেরিকানই এতে খুশি হতে পারে না।“

ট্রাম্প তার অভিষেক নিয়ে ডেমোক্র্যাটদের ঐকান্তিকতার অভাবেরও সমালোচনা করেন। তিনি বলেন, তার অভিষেকের দিন পতাকা অর্ধনমিত রাখাটাকে “তারা (ডেমোক্র্যাটরা) খুব বিরাট একটা কিছু বলে মনে করছে। তারা এতে খুশিও। আসলে তারা দেশকে ভালবাসে না। তারা কেবল তাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করে।”

ট্রাম্পের আপত্তির মুখে পতাকা অর্ধনমিত না রাখার বিষয়টি বিবেচনা করা হবে কিনা এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তা জানতে চাইলে হোয়াইট হাউজের মুখপাত্র কারিন জেন-পিয়ারে স্পষ্টতই ‘না’ বলে দিয়েছেন।

যুক্তরাষ্ট্রে ১৯৫৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ারের চালু করা নিয়ম অনুযায়ী, দেশের কোনও প্রেসিডেন্ট বা সাবেক প্রেসিডেন্ট মারা গেলে তার সম্মানে সব কেন্দ্রীয় সরকারি ভবন, সামরিক স্থাপনা, জাহাজ এমনকি বিদেশেও যুক্তরাষ্ট্রের সব দূতাবাস ও অন্যান্য স্থাপনায় ৩০ দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হয়।

গতবছর ২৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুর পর এ নিয়ম মেনেই পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। সেই হিসাবে পতাকা এই অবস্থানে থাকবে ২৮ জানুয়ারি পর্যন্ত। আর ট্রাম্প দেশের নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ২০ জানুয়ারিতে।