২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়া উপদ্বীপে উত্তেজনার জন্য দক্ষিণ কোরিয়াকে দুষল রাশিয়া

২০২২ সালে ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর থেকে কূটনৈতিক ও সামরিক সম্পর্কের ক্ষেত্রে উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে রাশিয়া।

রয়টার্স

Published : 15 Oct 2024, 08:12 PM

Updated : 26 Aug 2026, 10:43 AM

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের উত্তেজনা বাড়ানোর জন্য দক্ষিণ কোরিয়াকে দোষারোপ করেছে। কোরীয় উপদ্বীপে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে সোমবার কূটনৈতিক পন্থায় হাঁটার আহ্বান জানিয়েছে রাশিয়া।

দক্ষিণ কোরিয়া বলেছে, উত্তর কোরিয়া তাদের রাজধানী পিয়ংইয়ংয়ের আকাশে ড্রোন পাঠানোর অভিযোগ করেছে। এরপরই তারা নিজেদের সীমান্তের অংশে আন্তঃকোরীয় সড়ক ও রেললাইন উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছে।

২০২২ সালে ইউক্রেইনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে কূটনৈতিক ও সামরিক সম্পর্কের ক্ষেত্রে উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একে অপরের দেশে সফর করেছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তার কার্যালয়ের ওয়েবসাইটে বলেছেন: "এ ধরনের কর্মকাণ্ড উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে সুস্পষ্ট হস্তক্ষেপ। এর লক্ষ্য উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বৈধতা ও রাজনৈতিক কাঠামো ধ্বংস করা এবং দেশটিকে নিজস্বভাবে তাদের উন্নয়নের অধিকার না দেওয়া।” 

তিনি আরও বলেন, “অখণ্ড নিরাপত্তার ভিত্তিতে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়েই কোরীয় উপদ্বীপ দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব।” 

রাশিয়া ২০০০ এর দশকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞায় সমর্থন দিয়েছিল এই যুক্তিতে যে, পিয়ংইংয়ের পারমাণবিক অস্ত্র পরীক্ষা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলেছে। 

কিন্তু এবছর মার্চ মাসে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের বিষয়টি নজরে রাখা বিশেষজ্ঞদের একটি প্যানেল নবায়ন সংক্রান্ত জাতিসংঘ প্রস্তাবে ভিটো দিয়েছে রাশিয়া।

ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, সোমবার পুতিন পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমায় উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদনের বিষয়ে একটি খসড়া জমা দিয়েছেন। এতে দুই দেশের কোনটি আক্রান্ত হলে একে অপরকে সামরিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে।

ইউক্রেইনের ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, তারা ইউক্রেইনের শহরগুলোতে হামলায় উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহারের চিহ্ন পেয়েছেন। 

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার রাতের ভিডিও বার্তায় বলেছেন, যুদ্ধে উত্তর কোরিয়ার প্রকৃত সম্পৃক্ততা সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে।