২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংকটে পড়া শ্রীলঙ্কায় শপথ নিলেন নতুন ৩৭ প্রতিমন্ত্রী

এ পদক্ষেপের মাধ্যমে অর্থনৈতিক সংকটে টালমাটাল দ্বীপ দেশটির সরকারে বড় ধরনের সম্প্রসারণ ঘটল।

সংকটে পড়া শ্রীলঙ্কায় শপথ নিলেন নতুন ৩৭ প্রতিমন্ত্রী

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ফাইল ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 03:16 PM

Updated : 08 Sep 2022, 03:16 PM

মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কায় ৩৭ জন নতুন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন, এদের মধ্যে দুই জন গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রণালয়ে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট দপ্তরের গণমাধ্যম বিভাগ এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, “নতুন মন্ত্রীরা প্রেসিডেন্ট দপ্তরে প্রেসিডেন্টের কাছে শপথ নেন।”

এ পদক্ষেপের মাধ্যমে সংকটে পড়া দেশটির সরকারে বড় ধরনের সম্প্রসারণ ঘটল। দ্বীপ দেশটির দুই কোটি ২০ লাখ মানুষ স্বাধীনতার পর থেকে সবচেয়ে মারাত্মক অথনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে। বিদেশি মুদ্রার রিজার্ভ ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় দেশটি জ্বালানি, খাদ্য ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির খরচ যোগাতে পারছে না।

প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে দেশটির অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। এবার অর্থমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আইনপ্রণেতা রঞ্জিত সিয়ামবালাপিটিয়া ও শেহান সেমাসিংহে শপথ নিলেন।

জুলাইয়ে ব্যাপক গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে, পরে পদত্যাগ করেন তিনি। এরপর দেশটির প্রেসিডেন্ট হন বিক্রমাসিংহে।

চলতি মাসের প্রথমদিকে ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের একটি বেইলআউটের বিষয়ে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সঙ্গে শ্রীলঙ্কার কর্মী পর্যায়ের সমঝোতা হয়েছে।