২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নরওয়ের যুবরাজ্ঞীর ছেলের বিরুদ্ধে ধর্ষণসহ ৩২টি ফৌজদারি মামলা

নরওয়ের যুবরাজ্ঞী মেত্তে-মারিতের ছেলে মারিয়াস বোর্গ হোইবির বিচার হবে আগামী বছরের শুরুতে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১০ বছরের জেল হতে পারে।

নরওয়ের যুবরাজ্ঞীর ছেলের বিরুদ্ধে ধর্ষণসহ ৩২টি ফৌজদারি মামলা
নরওয়ের অ্যাটর্নি স্টুরলা হেনরিকসবো। ছবি: রয়টার্স।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 19 Aug 2025, 05:35 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

নরওয়ের যুবরাজ্ঞী মেত্তে-মারিতের ছেলে মারিয়াস বোর্গ হোইবির বিরুদ্ধে ধর্ষণ, পারিবারিক সহিংসতা ও হামলাসহ অন্যান্য আরও অপরাধের অভিযোগ আনা হয়েছে। এক বছরের তদন্ত শেষে এই অভিযোগ আনা হয় বলে জানিয়েছেন এক কৌঁসুলি।

সোমবার হোইবির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সবমিলিয়ে ৩২টি অভিযোগ আনা হয়। এর মধ্যে ৪ টি অভিযোগই ধর্ষণের, যার কিছু ঘটনা তিনি নিজের মোবাইল ফোনে ভিডিও করে রেখেছিলেন বলে জানানো হয়েছে অভিযোগপত্রে।

২৮ বছর বয়সী হোইবি যুবরাজ হাকনের সৎ ছেলে। আগামী বছরের শুরুতে হোইবির বিচার হবে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে।

হোইবির আইনজীবী পেতার সেকুলিচ বলেছেন, ধর্ষণ ও পারিবারিক সহিংসতার অভিযোগ অস্বীকার করেছেন হোইবি। তবে কিছু ছোটখাটো অভিযোগের বিষয়ে আদালতে বিচার চলাকালে তিানি দোষ স্বীকার করবেন। 

“ধর্ষণ ও সহিংসতার অভিযোগ তিনি (হোইবি) মানছেন না,” বলেন আইনজীবী সেকুলিচ।

হোইবির কোনো রাজকীয় উপাধি নেই এবং তিনি সিংহাসনের উত্তরাধিকারেও নেই। রয়্যাল প্যালেস এক বিবৃতিতে বলেছে, “মামলার শুনানি করা আদালতের এখতিয়ারের বিষয়, আদালতই সিদ্ধান্ত দেবে।”

২০২৪ সালের নভেম্বরে তদন্ত চলাকালে এক সপ্তাহের জন্য হোইবিকে আটক করেছিল পুলিশ। 

তার বিরুদ্ধে হওয়া মামলাগুলোর বিষয়ে নরওয়ের অ্যাটর্নি স্টুরলা হেনরিকসবো এক সংবাদ সম্মেলনে বলেন, “হোইবি দোষী কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার বিচারকদের।”

গত বছর অগাস্টে হাইবির বিরুদ্ধে এক নারীর ওপর শারীরিক হামলার অভিযোগে পুলিশের সন্দেহের তালিকায় ওঠে হোইবির নাম।

সে সময় মাদক ও অ্যালকোহলের প্রভাবে নির্যাতন এবং ওই নারীর অ্যাপার্টমেন্ট ভাঙচুরের কথা গণমাধ্যমে এক বিবৃতিতে স্বীকার করেছিলেন তিনি।  এ ঘটনায় দুঃখ প্রকাশও করেছিলেন হোইবি।

হোইবি যুবরাজ্ঞী মেত্তে-মারিতের প্রথম বিয়ের সন্তান। ২০০১ সালে মেত্তে-মারিতকে বিয়ে করেন যুবরাজ হাকন, যিনি নরওয়ের সিংহাসনের উত্তরাধিকারী।