২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খার্তুম ‘মুক্ত’: ঘোষণা সুদানের সেনাপ্রধানের

সুদানে প্রায় দু’বছর যুদ্ধের পর প্রথম প্রেসিডেন্ট প্রাসাদে পা রেখে রাজধানী খার্তুম আরএসএফ প্যারামিলিটারি বাহিনীর কবলমুক্ত বলে ঘোষণা দেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান।

খার্তুম ‘মুক্ত’: ঘোষণা সুদানের সেনাপ্রধানের
প্রায় দু’বছর যুদ্ধের পর প্রথম সুদানের প্রেসিডেন্ট প্রাসাদে পা রাখেন জেনারেল বুরহান। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2025, 12:24 AM

Updated : 26 Aug 2026, 12:22 PM

সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান বুধবার রাজধানী খার্তুমকে “মুক্ত” ঘোষণা করেছেন।

তিনি আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর খার্তুমের প্রেসিডেন্ট প্রাসাদ পরিদর্শন করেন। এর কয়েক ঘণ্টা আগে সেনারা প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর কাছ থেকে বিমানবন্দর পুনরুদ্ধার করে।

সেনাবাহিনীর সদস্যদের ঘেরাটোপে বুরহান প্রেসিডেন্ট প্রসাদ থেকে ঘোষণা দেন, খার্তুম এখন আরএসএফ-এর কবল থেকে মুক্ত। “খার্তুম মুক্ত, কাজ শেষ,” বলেন তিনি।

সুদানের সেনাবাহিনী রাজধানী খার্তুমের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছেন জেনারেল বুরহান। সুদানে প্রায় দুই বছর যুদ্ধের পর এই প্রথম বুরহান প্রেসিডেন্ট প্রাসাদে পা রাখলেন বলেই মনে করা হচ্ছে।

২০২৩ সালের এপ্রিলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আরএসএফ খার্তুম এবং বিমানবন্দর দখল করে নেওয়ায় সেনা-নিয়ন্ত্রিত সরকার লোহিত সাগর তীরবর্তী পোর্ট সুদানে চলে যেতে বাধ্য হয়েছিল।

রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ হারানো আরএসএফ-এর জন্য বড় ধরনের ধাক্কা। জেনারেল বুরহানের প্রত্যাবর্তনের আগে সেনাবাহিনীর কমান্ডার  বিবিসি-কে জানিয়েছিলেন, তারা বিমানবন্দরের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং বাকি আরএসএফ যোদ্ধাদের সরিয়ে দিতে সক্ষম হবেন বলে আশা করছেন।

শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদ পুনরুদ্ধারের পর সেনাবাহিনী দ্রুত খার্তুমের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোও পুনরুদ্ধার করে নেয়।

এর আগে খার্তুমের বেশিরভাগ এলাকাই আরএসএফ তাদের নিয়ন্ত্রণে নিয়ে ছিল। যুদ্ধে দেশব্যাপী হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

সেনাবাহিনী দাবি করেছে, তারা নীল নদের ওপর থাকা সব সেতু পুনরুদ্ধার করেছে, যা খার্তুম শহরের তিনটি প্রধান এলাকা সংযুক্ত করে, এবং খার্তুমের দক্ষিণে অবস্থিত আরএসএফ- এর শক্তিশালী সেনা ক্যাম্প জেবেল আউলিয়াও পুনরুদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর প্রকাশ করা ড্রোন ফুটেজে লোকজনকে বাঁধের ওপর একটি সেতু পার হতে দেখা গেছে। তারা কারা তা বিবিসি যাচাই করতে না পারলেও সেনাবাহিনী বলছে, তারা খার্তুম থেকে পালিয়ে যাওয়া আরএসএফ যোদ্ধাই ছিল।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, আরএসএফ যোদ্ধারা দক্ষিণ দিকে পিছু হটছে, দেখে মনে হচ্ছে তারা জেবেল আউলিয়ার দিকে যাচ্ছে। এটি তাদের বেরিয়ে যাওয়ার একমাত্র পথ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, খার্তুমের বাসিন্দারা সেনাবাহিনীর অগ্রগতিতে উল্লাস করছে, কারণ তারা দীর্ঘদিন ধরে আরএসএফ-এর নির্যাতন সহ্য করে আসছিল।

বিবিসি লিখেছে, সেনাবাহিনীর খার্তুম পুনরুদ্ধার একটি বড় কৌশলগত জয় হলেও, যুদ্ধ এখনও শেষ হয়নি। পশ্চিম সুদানের দারফুর অঞ্চলে আরএসএফ এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে এবং আন্তর্জাতিকভাবে বিদেশি শক্তিগুলো দুই পক্ষকেই অস্ত্র সহায়তা করছে।