Published : 03 Mar 2026, 04:43 PM
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের প্রতিবাদে পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ ও অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে রাজধানী ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস।
মঙ্গলবার দূতাবাস এক্সে এক ঘোষণায় জানায়, আগামী ৬ মার্চ (শুক্রবার) পর্যন্ত ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসসহ লাহোর ও করাচির কনস্যুলেট সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করছে।
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হওয়ার পর পাকিস্তানজুড়ে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।
গত রোববার করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরের দেয়াল ভেঙে বিক্ষোভকারীরা ভেতরে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
দুজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নজিরবিহীন এই পরিস্থিতিতে কনস্যুলেটের নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন মেরিন সেনারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়েন।
কোনও কূটনৈতিক মিশনে মার্কিন বাহিনীর সরাসরি গুলি চালানোর ঘটনা অত্যন্ত বিরল। তবে মেরিন সেনাদের গুলিতে কেউ হতাহত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত ১ মার্চ থেকেই পাকিস্তানে অবস্থানরত মার্কিন কর্মীদের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।
কেবল পাকিস্তান নয়, ইরানে সংঘাতের ধাক্কা সৌদি আরবেও লেগেছে। মঙ্গলবার ভোরে রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আঘাত হেনেছে।
এতে ভবনে সামান্য অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। এই ঘটনার পর সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও ধাহরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ওদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের রেভল্যুশনারি গার্ডের সামরিক স্থাপনা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে তাদের জোরালো অভিযান অব্যাহত রয়েছে।