২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ৫০

উত্তর ও মধ্যাঞ্চলের এলাকাগুলোতে এ সপ্তাহে ব্যাপক বন্যার পর নতুন করে ভারি বৃষ্টিপাত হয়েছে।

বিডিনিউজ২৪

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2024, 10:15 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

আফগানিস্তানের মধ্যাঞ্চলে ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গহর প্রদেশের কর্তৃপক্ষ বলেছে, আরও অনেক মানুষ নিখোঁজ। বন্যায় হাজার হাজার গবাদিপশুও মারা গেছে। ২ হাজার বাড়িঘর ধ্বংস হওয়া ছাড়াও আরও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

উত্তর ও মধ্যাঞ্চলের এলাকাগুলোতে এ সপ্তাহে ব্যাপক বন্যার পর নতুন করে ভারি বৃষ্টিপাত হয়েছে। 

কর্মকর্তারা বলেছেন, প্রাদেশিক রাজধানী ফিরোজকহে প্রায় ২ হাজার দোকান পানির নিচে তলিয়ে গেছে এবং রাজধানী অভিমুখী বেশির ভাগ সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয় এক বাসিন্দা বলেছেন, বিশাল ভয়াবহ বন্যায় সবকিছু ভেসে গেছে। আরেকজন বলেন, তিনি বন্যায় তার চোখের সামনেই বাড়ি ধ্বংস হতে দেখেছেন। নারী, শিশুসহ সবাই কাঁদছে বলে জানান তিনি।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে এবং আশ্রয়, খাবার ও পানির আবেদন জানিয়েছে। প্রাদেশিক গভর্নর আব্দুল ওয়াহীদ হামাস বলেছেন, কয়েক ডজন মানুষ নিখোঁজ হয়েছে। 

জাতিসংঘ এবং তালেবান কর্মকর্তাদের হিসাবমতে, গত সপ্তাহে অস্বাভাবিক ভারি বৃষ্টিপাতে উত্তরের বেশ কয়েকটি গ্রাম ধ্বংস হয়ে ৩০০ জনের বেশি মানুষ মারা গেছে। অনেক কৃষিজমিও নষ্ট হয়েছে।

আর এ সপ্তাহে হওয়া বন্যায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ সংস্থাগুলো। বন্যা উপদ্রুত এলাকাগুলোতে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার এই আশঙ্কা করা হচ্ছে।