২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনওয়ার হত্যা: বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়াকে ইসরায়েলের বড় সাফল্য বলে মনে করছেন বিশ্ব নেতারা। পাশাপাশি গাজায় যুদ্ধ অবসানের পথ খুলবে বলেও প্রত্যাশা তাদের।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 18 Oct 2024, 03:04 PM

Updated : 26 Aug 2026, 10:44 AM

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জোষ্ঠ্য নেতা ইয়াহিয়া সিনওয়ারের নিহত হওয়ার খবর নিশ্চিত করার পর প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা বেশ কয়েকটি দেশ। এ ঘটনাকে ইসরায়েলের অন্যতম বড় সাফল্য বলে মনে করছেন বিশ্ব নেতারা। পাশাপাশি গাজায় যুদ্ধ অবসানের পথ খুলবে বলেও প্রত্যাশা তাদের।

যুক্তরাজ্য:

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইয়াহিয়া সিনওয়ারকে 'সন্ত্রাসী গোষ্ঠী হামাসের নেতা' এবং ‘হলোকাস্টের পর ইহুদিদের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দিনের নেপথ্যের হোতা' হিসেবে বর্ণনা করেছেন।

স্টারমার বলেন, “আজ আমি গতবছর ৭ অক্টোবরে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাব। সিনওয়ারের মৃত্যুতে যুক্তরাজ্য শোক প্রকাশ করবে না। সব জিম্মির মুক্তি, অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা বৃদ্ধি- এসবই অনেক দিন ধরে ঝুলে আছে। সুতরাং, আমরা এখন মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী, টেকসই শান্তির পথে হাঁটতে পারি।”

যুক্তরাষ্ট্র:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস উভয়ই ইয়াহিয়া সিনওয়ারের হত্যাকাণ্ড নিয়ে বিবৃতি দিয়েছেন।

বাইডেন বলেন, “আজকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য এটি একটি শুভ দিন। ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ায় গাজার বুকে হামাসের ক্ষমতার অবসান ঘটবে বলে আশা করি। ফলে বিশ্বে একটি রাজনৈতিক মীমাংসার সুযোগ তৈরি হবে। এতে ইসরায়েল ও ফিলিস্তিনিরা একটি সুন্দর ভবিষ্যৎ পাবে।”

হোয়াইট হাউস জানায়, সিনওয়ারকে হত্যার মিশনে সফল হওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। এখন এই সুযোগ কাজে লাগিয়ে কীভাবে জিম্মিদের দেশে ফিরিয়ে আনা যায়, সে ব্যাপারে আলোচনা করেছেন তারা। তাছাড়া, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করে যুদ্ধের সমাপ্তির বিষয়েও তাদের মধ্য কথা হয়েছে।

ওদিকে, উইসকনসিনের মিলওয়াকিতে নির্বাচনী প্রচারের সময় কমলা হ্যারিস সাংবাদিকদের বলেন, “ন্যায়বিচার হয়েছে।”

তিনি আরও বলেন, “গতবছর ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় নিহত ও গাজায় নিহত জিম্মিসহ হাজার হাজার নিরীহ মানুষকে হত্যার জন্য সিনওয়ার দায়ী। এই মুহুর্তটি আমাদের গাজায় যুদ্ধের অবসান ঘটানোর একটি সুযোগ এনে দিয়েছে," তিনি আরও বলেন, “আমি আশা করি, হামাসের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আজ একটু হলেও স্বস্তি পাবে।”

কানাডা:

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, "হামাসের নৃশংস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ইসরায়েলি সেনা সদস্যরা হত্যা করেছে। সিনওয়ারের নেতৃত্বে, হামাস গতবছর ৭ অক্টোবরের ভয়াবহ নৃশংসতা চালিয়েছিল। তিনি ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছিলেন এবং সারাদেশে বেসামরিক নাগরিকদের উপর কাণ্ডজ্ঞানহীন, ধ্বংসাত্মক হামলা শুরু করেছিলেন। এ হত্যাকাণ্ডের মাধ্যমে আজ ভুক্তোভোগী পরিবারগুলো ন্যায়বিচার পেয়ছে। পাশাপাশি সিনওয়ারের মৃত্যুতে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটেছে।”

জার্মানি:

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক বলেছেন, “সিনওয়ার ইসরায়েলের পাশাপাশি দেশটির জনগণকে ধ্বংস করতে চেয়েছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের প্রধান পরিকল্পনাকারী হিসেবে তিনি হাজার হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু এবং পুরো অঞ্চলের দুর্ভোগের জন্য দায়ী। হামাসকে এখনই সব জিম্মিকে মুক্তি দিতে হবে এবং অস্ত্র ফেলে গাজার মানুষের দুর্ভোগের অবসান ঘটাতে তৎপর হতে হবে।”

ইতালি:

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, “ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর সঙ্গে সঙ্গে গতবছর ৭ অক্টোবরের হত্যাযজ্ঞের প্রধান অপরাধীর শাস্তি হল। আমার বিশ্বাস, এখান থেকেই নতুন কিছুর শুরু। এখন সব জিম্মিকে মুক্তি দেওয়া, অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করা এবং গাজায় পুনর্গঠন শুরু করার সময় এসেছে।” 

ফ্রান্স:

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁও সিনওয়ার নিহতের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এ ঘটনাকে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য বড় সাফল্য বলে মনে করেন। তিনি বলেন, “জিম্মিদের মুক্তি নিশ্চিত করা এবং যুদ্ধ শেষ করার জন্য এ সুযোগকে কাজে লাগানো উচিত।” এখন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করা জরুরি বলেও মনে করেন তিনি।