শি’র বিরুদ্ধে পুতিন-কিমকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের
ইউক্রেইন যুদ্ধ নিয়ে পুতিনের ওপর তিনি ‘খুব হতাশ’ বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে রাশিয়া ও উত্তর কোরিয়ার দুই শীর্ষ নেতাকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন।
এমন এক সময়ে তার এ অভিযোগ এল যখন বুধবার চীন নিজেদের সামরিক শক্তি দেখাতে বেইজিংয়ে তাদের ইতিহাসের সবচেয়ে বড় বিজয় দিবসের কুচকাওয়াজ করেছে।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, “প্লিজ ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিন, যখন আপনারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।”
চীন, রাশিয়া ও অন্যান্য দেশের ঘনিষ্ঠ সম্পর্ক বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ মার্কিন প্রেসিডেন্ট আগে এমন ধারণা উড়িয়ে দিয়েছিলেন বলে জানিয়েছে বিবিসি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র চীনকে যে ‘বিপুল পরিমাণ সহায়তা ও রক্ত’ দিয়েছে সে কথাও উল্লেখ করেন।
বুধবার চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর এবং দখলদার শক্তির বিরুদ্ধে চীনের জয়ের ৮০ বছর উদ্যাপন করছে।
“চীনের বিজয় ও গৌরবের অভিযানে বহু আমেরিকান প্রাণ হারিয়েছিলেন। আশা করি তাদের বীরত্ব ও আত্মত্যাগকে যথাযথ সম্মান দেখানো হবে, স্মরণ করা হবে,” বলেন ট্রাম্প।
বুধবারের কুচকাওয়াজে শি-র সঙ্গে পুতিন, কিমসহ ২৬টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান যোগ দেন। একে পশ্চিমা দেশগুলোর জন্য এক বড় বার্তা বলেও অনেকে মনে করছেন। বুধবার চীনের অনুষ্ঠানে প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর কোনো নেতাকেই দেখা যায়নি।
ট্রাম্পের শুল্ক যখন বিশ্ব অর্থনীতি ও রাজনৈতিক বন্দোবস্তকে টালমাটাল করে দিয়েছে তখন চীন নিজেদেরকে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে দেখাতে চাইছে, বলছেন অনেক বিশ্লেষক।
মার্কিন প্রেসিডেন্ট যদিও বলছেন, তার দেওয়া শুল্ক যুক্তরাষ্ট্রের স্বার্থ ও শিল্প রক্ষায় খুবই জরুরি। এই শুল্কের জন্য যে কোনো ধরনের কূটনৈতিক মূল্য চুকাতেও তিনি রাজি বলেই মনে হচ্ছে।
বেইজিং ও তার মিত্ররা যুক্তরাষ্ট্রের বিরোধিতায় কোনো আন্তর্জাতিক জোট বানানোর চেষ্টা করছে কিনা বিবিসির এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “না, মোটেও না। চীনের আমাদেরকে প্রয়োজন।
“প্রেসিডেন্ট শি-র সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো আপনারা জানেন। কিন্তু যুক্তরাষ্ট্রের চীনকে যতখানি দরকার, চীনের আমাদেরকে তার চেয়েও বেশি দরকার। এরকম (যুক্তরাষ্ট্রবিরোধী জোট) কিছু হবে বলে দেখছি না আমি।”
মঙ্গলবার এক রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, রাশিয়া আর চীন মিলে যে ‘অক্ষ গড়ে উঠছে’ তা নিয়ে তিনি উদ্বিগ্ন নন।
“বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে আমেরিকার। যে কারণে তারা কখনোই তাদের সামরিক শক্তি আমাদের বিরুদ্ধে ব্যবহার করবে না।
“বিশ্বাস করুন, এমন কিছু করলে সেটাই হবে তাদের ইতিহাসে সবচেয়ে খারাপ কিছু,” স্কট জেনিংস রেডিও শো-তে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ওই সাক্ষাৎকারের আরেক জায়গায় তিনি বলেন, তিনি পুতিনকে নিয়ে ‘খুবই হতাশ’।
ইউক্রেইনে যুদ্ধ বন্ধে গত মাসে আলাস্কায় এক বৈঠকে মিলিত হয়েছিলেন মার্কিন ও রাশিয়ার দুই প্রেসিডেন্ট। তার এক মাস পেরিয়ে যাওয়ার পরও যুদ্ধ আগের মতোই চলছে।
“আমি যে প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে খুবই হতাশ, তা আমি বলতে পারি। ইউক্রেইনের মানুষের জীবন রক্ষায় যুক্তরাষ্ট্র কিছু না কিছু করবে,” বলেছেন ট্রাম্প।
চীন ইউক্রেইনে পুতিনের ‘বিশেষ সামরিক অভিযানের’ সমালোচনা করেনি। উল্টো মস্কোকে বহুমুখী কাজে ব্যবহার করা যায় এমন পণ্য সরবরাহ ও রাশিয়ার কাছ থেকে তেল কিনে তারা পুতিনের যুদ্ধে সহায়তা করে যাচ্ছে বলে অভিযোগ পশ্চিমাদের। বেইজিং এমন অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের ‘ফ্রন্ট লাইনের’ নির্দিষ্ট কিছু জায়গায় মস্কোকে নতুন করে সৈন্য সমাবেশ করতে দেখা যাচ্ছে।
“পুতিনকে শান্তিতে রাজি করানো যাচ্ছে না,” রাতের ভিডিও ভাষণে তিনি এমনটাই বলেছেন।
আরও পড়ুন:
