নিউ ইয়র্কের মেয়র পুনর্নির্বাচিত হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন এরিক এডামস
তিনি সরে দাঁড়ানোয় মেয়র পদে এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ডেমোক্র্যাট জোহরান মামদানি, সাবেক গভর্নর অ্যান্ড্রু ক্যুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লাইওয়ার মধ্যে।
পুনর্নির্বাচিত হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন নিউ ইয়র্কের মেয়র এরিক এডামস।
ভোটাররা রায় জানানোর ৫ সপ্তাহ আগেই তিনি এ সিদ্ধান্ত নিলেন, জানিয়েছে বিবিসি।
তার ভবিষ্যৎ নিয়ে ‘গণমাধ্যমের নিরবচ্ছিন্ন জল্পনা’ এবং প্রচারে সরকারি তহবিল থেকে অর্থ না দেওয়ার ব্যাপারে শহরের নির্বাচনী প্রচারণা অর্থায়ন বোর্ডের সিদ্ধান্ত তার প্রচারযাত্রার ‘গলা টিপে ধরেছে’, বলেছেন এডামস।
তিনি সরে দাঁড়ানোয় মেয়র পদে এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ডেমোক্র্যাট জোহরান মামদানি, সাবেক গভর্নর অ্যান্ড্রু ক্যুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লাইওয়ার মধ্যে।
২০২২ সালে ডেমোক্রেট পার্টির হয়ে নির্বাচনে জয়ী হওয়া এডামস ঘুষ গ্রহণ ও জালিয়াতির সন্দেহে অভিযুক্ত হওয়ার পর এবার স্বতন্ত্র হয়ে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছিলেন।
ডনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্দেশে পরে তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়।
“আমি পুনর্নির্বাচিত হতে প্রচারণা চালাতে পারছি না। আমার ভবিষ্যৎ সম্পর্কে গণমাধ্যমের নিরবচ্ছিন্ন জল্পনা এবং প্রচারণা অর্থায়ন বোর্ডের সিদ্ধান্তে লাখ লাখ ডলার আটকে যাওয়ায় একটি কার্যকর প্রচারণা চালাতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহে আমার সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে,” রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও পোস্টে এমনটাই বলেছেন এডামস।
পোস্টে অন্য কোনো প্রার্থীর প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেননি তিনি। তবে তার মন্তব্যে ডেমোক্র্যাট প্রার্থী ও জরিপে এগিয়ে থাকা জোহরান মামদানির প্রতি এক প্রকারের বার্তা ছিল।
“বড় পরিবর্তনকে স্বাগত জানাচ্ছি, বড় পরিবর্তন দরকারও। কিন্তু তাদের ব্যাপারে সাবধান থাকবেন যারা দাবি করে যে তাদের কাছেই আছে সেই উত্তর, যা আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে একসঙ্গে গড়ে তোলা ব্যবস্থাটিকেই ধ্বংস করবে। এটা পরিবর্তন নয়, এটা অরাজকতা,” নাম না নিলেও তার এ হুঁশিয়ারি যে নিজেকে ‘সোশালিস্ট’ দাবি করা মামদানির উদ্দেশ্যে তা বোঝা যায়।
‘গুপ্ত শক্তি’ শহরের রাজনীতিতে ‘বিভাজনের এজেন্ডা’ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও তিনি সতর্ক করেন।
এক সময় নিউ ইয়র্কের রাজনীতিতে উদীয়মান তারকা মনে করা হলেও, দুর্নীতির অভিযোগ, অভিবাসন নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে বিরোধ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে হতাশা সাবেক পুলিশ কর্মকর্তা এডামসের জনপ্রিয়তা কমাতে শুরু করে।
গত বছরের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি তুরস্কের নাগরিকদের কাছ থেকে এক লাখ ডলারের বেশি মূল্যের উপহার নিয়েছিলেন। এডামস এ সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন।
এপ্রিলে ট্রাম্প প্রশাসনের বিচার মন্ত্রণালয় নিউ ইয়র্কের ফেডারেল কৌঁসুলিদের এডামসের বিরুদ্ধে অভিযোগ তুলে নিতে নির্দেশ দেয়। কিন্তু দুর্নীতির এই অভিযোগ তার পিছু ছাড়েনি, তিনি ক্রমাগত জরিপে পিছিয়ে পড়তে থাকেন।
জো বাইডেনের অভিবাসন কৌশলের সমালোচনা করায় এডামসের সঙ্গে ডেমোক্র্যাটদের সম্পর্কও খারাপ হয়ে যায়।
যে কারণে চলতি বছরের শুরুর দিকে তিনি জানান, তিনি মেয়র নির্বাচনে স্বতন্ত্র হিসেবে লড়বেন। এ কারণে ডেমোক্র্যাট প্রাইমারি (দলের অভ্যন্তরীণ নির্বাচন) পাড়ি দিতে হয়নি তাকে। ওই প্রাইমারি জয়ী মামদানি এবারের নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রতিনিধিত্ব করবেন।
প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেও মেয়র হিসাবে মেয়াদের বাকি সময়টুকু পার করবেন এডামস। ১ জানুয়ারি তার পদের মেয়াদ শেষ হচ্ছে।
তবে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ালেও তার নাম ঠিকই ব্যালটে থাকছে, কারণ ব্যালট বদলানোর সময়সীমা আগেই পেরিয়ে গেছে।
