২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে রিয়েলিটি শো? প্রস্তাব খতিয়ে দেখছে হোমল্যান্ড সিকিউরিটি

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আমলে অভিবাসন আইন নিয়ে কড়াকড়ি বেড়ে চলার মাঝেই টিভিতে এমন অনুষ্ঠান করার প্রস্তাব নিয়ে চলছে ভাবনা-চিন্তা।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে রিয়েলিটি শো? প্রস্তাব খতিয়ে দেখছে হোমল্যান্ড সিকিউরিটি
ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2025, 11:20 PM

Updated : 26 Aug 2026, 12:44 PM

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার জন্য অভিবাসীদের নিয়ে রিয়েলিটি শো? এমনই একটি প্রস্তাব সম্প্রতি খতিয়ে দেখতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আমলে অভিবাসন ও নাগরিকত্ব আইন নিয়ে কড়াকড়ি বেড়ে চলার মাঝেই টিভিতে এমন অনুষ্ঠান করার প্রস্তাব নিয়ে চলছে ভাবনা-চিন্তা।

সিএনএন জানায়, ‘মিলিওনিয়ার ম্যাচমেকার’, ‘ডাক ডাইনেস্টি’ এবং ‘আলফা ডগস’ এর মতো রিয়েলিটি শো এর একজন প্রডিউসার নতুন এই ব্যতিক্রমী ধারার রিয়েলিটি শো করার ধারণা তুলে ধরেছেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কাছে।

যুক্তরাষ্ট্রের কানাডীয় অভিবাসী এই প্রোডিউসারের নাম রব ওয়ারসফ। নিজের নাগরিকত্ব পাওয়ার অভিজ্ঞতা থেকেই এই শো করার ভাবনা এসেছে বলে জানান তিনি।

রবের প্রস্তাবিত রিয়্যালিটি শোয়ের নাম দেওয়া হয়েছে ‘দ্য আমেরিকান’।  এই শো’তে অভিবাসীরা যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য প্রতিযোগিতা করবে; পরীক্ষা করে দেখা হবে কে কতটা আমেরিকান।

রবের মতে, এর মাধ্যমে আরও ভালভাবে বোঝা যাবে- যুক্তরাষ্ট্রের নাগরিক বলতে আসলে ঠিক কেমন হওয়া উচিত এবং তা হওয়া কতটা গর্বের।

এই অনুষ্ঠানে এমন সব চ্যালেঞ্জিং খেলা রাখা হবে, যা হতে পারে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে। প্রতিযোগীদেরকে কখনও সান ফ্রান্সিসকোর কোনও খনি থেকে সোনা জোগাড় করতে হতে পারে,

কখনও আবার কানসাসের কোনও এলাকায় ঘোড়ার পিঠে চড়ে চিঠি বিলি করতে হতে পারে। পিজ্জা বানাতে হতে পারে।

আরও কঠিন পরীক্ষা হিসেবে টেক্সাস ও ফ্লরিডায় নাসার কিছু চ্যালেঞ্জ, কিংবা রকেটের নানা অংশ জোড়া দিয়ে তা উৎক্ষেপণের যোগ্য করার মতো কাজও করতে হতে পারে।

এসব চ্যালেঞ্জে যে জিতবে সে পাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। আর কেউ জিততে না পারলে অবশ্য তাকে কোনও শাস্তি দেওয়া হবে না সে আশ্বাসও দিয়েছেন রব।

এখনও এই পরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে। অনুমোদন দেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি আবার প্রস্তাবটি প্রত্যাখ্যাতও হয়নি। যদিও প্রস্তাবটি নিয়ে এরই মধ্যে সমালোচনাও হচ্ছে।

তবে রব বলছেন, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) প্রস্তাবটি গুরুত্বসহকারেই বিবেচনা করে দেখছে। ওদিকে, ডিএইচএস এর একজন মুখপাত্র বলেছেন, রিয়েলিটি শো’ এর প্রস্তাবটি যাচাই বাছাই প্রক্রিয়ার একেবারেই প্রথম ধাপে আছে।

ডিএইচএস এর অ্যাসিসটেন্ট সেক্রেটারি ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেন, প্রতিবারের মতো এবারের প্রস্তাবটিও নির্ধারিত প্রক্রিয়ায় খতিয়ে দেখা হবে এবং এ প্রস্তাব এখনও সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের নজরে আসেনি। 

প্রতিবছরই এমন বহু টেলিভিশন প্রস্তাব ডিএইচএস -এর কাছে জমা পড়ে। এখন পর্যন্ত এই প্রকল্পটি কেবলই একটি প্রস্তাব বলে জানান ট্রিসিয়া।