রুয়ান্ডায় মারবার্গ ভাইরাসে ৬ জন মারা গেছে: স্বাস্থ্যমন্ত্রী
এই রোগে মৃত্যুর হার ৮৮ শতাংশ, অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটি ইবোলার সমগোত্রীয়, যার লক্ষণগুলো হলো জ্বর, পেশিতে ব্যথা, ডায়রিয়া, বমি এবং কখনও কখনও চরম রক্তক্ষরণ।
রুয়ান্ডায় মারবার্গ ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাবিন এনসানজিমানা।
শনিবার রাতে তিনি বলেন, মহামারী শুরু হওয়ার পর থেকে মারবার্গ ভাইরাস আক্রান্ত ২০ জন রোগীকে শনাক্ত করা হয়েছে।
এই ভাইরাস সংক্রমিতদের অধিকাংশই নিবিড় পরিচর্যা কেন্দ্র কাজ করা স্বাস্থ্যকর্মী বলে এক্স-এ পোস্ট করা এক ভিডিও বিবৃতিতে জানিয়েছেন এনসানজিমানা।
মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মারবার্গ ভাইরাস, একটি ভাইরাল হেমোরেজিক জ্বর। অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটি ইবোলার সমগোত্রীয়, যার উপসর্গ হল জ্বর, পেশিতে ব্যথা, পেটে ব্যথা, প্রচণ্ড মাথাব্যথা, ডায়রিয়া, বমি প্রভৃতি।
মন্ত্রী বলেন, রোগটি ছোঁয়াচে। তাই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তাদের খুঁজে বের করতে কাজ করছে সরকার।
এই রোগে মৃত্যুর হার ৮৮ শতাংশ। ভাইরাসটি প্রথম শনাক্ত হয় ১৯৬৭ সালে। জার্মানির মারবার্গ, ফ্রাঙ্কফুর্টে এবং সার্বিয়ার বেলগ্রেডে একসাথে ছড়িয়েছিল ওই ভাইরাস। প্রথমে ৩১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয় এবং সাতজনের মৃত্যু হয়।
উগান্ডা থেকে আমদানি করা আফ্রিকান সবুজ বানর ভাইরাসটির জীবাণু বহন করছিল। তবে ভাইরাসটি তখন থেকে অন্যান্য প্রাণীর সঙ্গেও যুক্ত হয়েছে। শূকর ও বাদুড়ও ভাইরাসটি বহন করে।
যেসব মানুষ দীর্ঘ সময় ধরে গুহা এবং খনিতে কাজ করে, যেখানে প্রচুর বাদুড় থাকে, সেসব মানুষের মাধ্যমে এই ভাইরাসটি ছড়াতে পারে।
তাছাড়া, অ্যাঙ্গোলায় ২০০৫ সালে মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাবে তিনশ’রও বেশি মানুষের প্রাণহানি হয়।
যদিও বিশ্বের বাকি দেশগুলোতে গত ৪০ বছরে মাত্র দুই জনের মৃত্যু হয়েছে মারবার্গ ভাইরাসে। এর মধ্যে একজন ছিলেন ইউরোপের এবং আরেকজন যুক্তরাষ্ট্রের নাগরিক।
এই দুজনেই উগান্ডার গুহায় অভিযানে গিয়েছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে শত শত মানুষের মৃত্যু হয়েছে।
