ইসরায়েল-ইরান যুদ্ধবিরতির পক্ষে থাকবেন? পরিস্থিতির ওপর নির্ভর করবে: ট্রাম্প
“দেখুন, আমি স্থল বাহিনী নিয়ে কথা বলতে চাই না। কেননা, শেষ যেটা আপনি চাইতে পারেন, সেটা হল স্থল বাহিনী নামানো,” বলেছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল এবং তাদের আঞ্চলিক প্রতিপক্ষ ইরানের মধ্যে যুদ্ধবিরতির পক্ষে থাকতে পারেন, তবে সেটা পরিস্থিতির ওপর নির্ভর করবে।
শুক্রবার সাংবাদিকরা ট্রাম্পের কাছে আলোচনা চলমান অবস্থায় তিনি তেহরান-তেল আবিব যুদ্ধবিরতিতে সমর্থন দেবেন কিনা এমন প্রশ্ন করলে ট্রাম্প জবাবে এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“করবো হয়তো, তবে তা নির্ভর করে পরিস্থিতির ওপর,” বলেন ওয়াশিংটন যুদ্ধে ইসরায়েলের সঙ্গী হয়ে ইরানে সরাসরি হামলায় যোগ দেবে কিনা সে বিষয়ে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানানোর ঘোষণা দেওয়া ট্রাম্প।
এই যুদ্ধে ইউরোপ খুব বেশি সহায়তা করতে পারবে না বলেও তিনি মন্তব্য করেছেন।
“ইরান ইউরোপের সঙ্গে কথা বলতে চায় না। তারা আমাদের সঙ্গে কথা বলতে চায়। এখানে ইউরোপের তেমন করার কিছু নেই,” বলেছেন এ মার্কিন প্রেসিডেন্ট।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ফের কূটনৈতিক পথ খুলতে শুক্রবার সুইজারল্যান্ডের জেনিভাতে ইউরোপের কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে বসেন।
ইউরোপীয় মন্ত্রীরা তেহরানকে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে ফের ওয়াশিংটনের সঙ্গে কথা শুরু করার আহ্বান জানালেও ইরান বলেছে, ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না।
একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, শুক্রবারের বৈঠকে বলার মতো কোনো অগ্রগতি না হলেও দুই পক্ষ ফের আলোচনায় বসতে রাজি হয়েছে।
এদিন সাংবাদিকরা ট্রাম্পের কাছে ইরানে সেনা পাঠানোর সম্ভাবনা নিয়েও প্রশ্ন করেন।
“দেখুন, আমি স্থল বাহিনী নিয়ে কথা বলতে চাই না। কেননা, শেষ যেটা আপনি চাইতে পারেন, সেটা হল স্থল বাহিনী নামানো,” বলেছেন তিনি।
গত ১৩ জুন ইসরায়েল আচমকা ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা করলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তেঁতে ওঠে। প্রথম দিকে ওয়াশিংটন এ হামলার সঙ্গে সম্পৃক্ততা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করলেও ওই অঞ্চলে গত কয়েকদিনে তারা বিপুল সংখ্যক যুদ্ধবিমান মোতায়েন করেছে, বাড়িয়েছে নৌশক্তিও।
ট্রাম্প যদিও কী করবেন তা নিয়ে বিশ্বকে ধাঁধাঁয় রেখেছেন। তিনি কখনো বলছেন, কূটনৈতিক সমাধানের কথা, কখনো ইঙ্গিত দিচ্ছেন তেল আবিবের সঙ্গী হওয়ার।
মধ্যপ্রাচ্যে কেবল ইসরায়েলের কাছেই পারমাণবিক অস্ত্র আছে বলে অনুমান করা হয়। তেল আবিব বলছে, তেহরান যেন পারমাণবিক অস্ত্র বানাতে না পারে তা নিশ্চিত করতেই তারা ১৩ জুন থেকে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটিতে হামলা চালিয়ে যাচ্ছে।
এদিকে ইরান বলছে, তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না, তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরিই শান্তিপূর্ণ। ১৩ জুন থেকে ইসরায়েলের একের পর এক হামলার পাল্টায় ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাবও দিচ্ছে তারা।
ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষরকারী দেশও, যে চুক্তিতে ইসরায়েল নেই।
৮ দিন ধরে চলা তেল আবিবের হামলায় ইরানে এখন পর্যন্ত ৬৩৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার কর্মীদের বার্তা সংস্থা এইচআরএএনএ।
ইসরায়েলে বলেছে, ইরানের হামলায় তাদের ২৪ বেসামরিক নিহত হয়েছে।
