২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর মাদক সন্ত্রাসী ‘এল মেনচো’র সন্ধান প্রেমিকার ‘বিশ্বস্ত লোক’ মারফত

এল মেনচো ছিলেন মেক্সিকোর শক্তিশালী মাদক চক্র ‘হালিস্কো নিউ জেনারেশন কার্টেল’ (সিজেএনজি)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান।

মেক্সিকোর মাদক সন্ত্রাসী ‘এল মেনচো’র সন্ধান প্রেমিকার ‘বিশ্বস্ত লোক’ মারফত
মেক্সিকোর শীর্ষ মাদক কারবারি ‘এল মেনচো’র মৃত্যুর খবর মেক্সিকোর দৈনিকগুলোর প্রথম পাতার প্রধান শিরোনাম হয়েছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 05:10 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

মেক্সিকোর ভয়ঙ্কর হালিস্কো নিউ জেনারেশন (সিজেএনজি) মাদক চক্রের নেতা নেমেসিও ওসেগেরা সের্বান্তেস, যিনি ‘এল মেনচো’ নামেই বেশি পরিচিত, সেনাবাহিনীর এক অভিযানে নিহত হয়েছেন।

রোববারের এই ঘটনা মেক্সিকো জুড়ে এক চরম বিশৃঙ্খলা ও সহিংস সংঘাতের সূত্রপাত করেছে। তার মৃত্যুর পর অন্তত ২০টি অঙ্গরাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সহিংসতা শুরু হওয়ার পর থেকে হালিস্কো রাজ্যে মেক্সিকোর ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ সদস্য নিহত হয়েছেন বলে দেশটির নিরাপত্তামন্ত্রী জানিয়েছেন।

ওসেগেরা সের্বান্তেস ছিলেন শক্তিশালী ‘হালিস্কো নিউ জেনারেশন কার্টেল’ (সিজেএনজি)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান। সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোর অন্যতম প্রধান মাদক পাচারকারী গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করা এই মাদক চক্রটি যুক্তরাষ্ট্রে মেথামফেটামিন এবং ফেন্টানিল পাচারের মূল পক্ষ হিসেবে ভূমিকা রাখছিল। 

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম যখন মাদক পাচার বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছেন, ঠিক তখনই এই অভিযানটি চালানো হলো। 

এছাড়া মাত্র কয়েক মাস পরেই হালিস্কোর রাজধানী গুয়াদালাজারা শহরে ২০২৬ ফিফা বিশ্বকাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, কিন্তু শহরটিজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা এখন নতুন করে নিরাপত্তা প্রশ্নের জন্ম দিচ্ছে।

নিরাপত্তা বাহিনী এল মেনচোর আস্তানার দিকে অগ্রসর হচ্ছে। ছবি: রয়টার্স 

নিরাপত্তা বাহিনী এল মেনচোর আস্তানার দিকে অগ্রসর হচ্ছে

যেভাবে পরিচালিত হয় অভিযান

বহু বছর ধাওয়া করার পর ২০শে ফেব্রুয়ারি মেক্সিকান বাহিনী নেমেসিও ওসেগেরা সের্বান্তেসের অবস্থান সম্পর্কে একটি সুনির্দিষ্ট তথ্য পায়। প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো ট্রেভিলা ট্রেজোর ভাষ্য, তদন্তের মাধ্যমে তারা ওসেগেরা সের্বান্তেসের প্রেমিকার এক ‘বিশ্বস্ত লোক’-এর সন্ধান পান, যে কি না মাদক সম্রাটের গোপন আস্তানায় পৌঁছানোর চাবিকাঠি ছিল।

পরদিন ওই প্রেমিকা হালিসকো রাজ্যের টাপালপা শহরের নিকটবর্তী ওসেগেরার কেবিন কমপ্লেক্স থেকে বেরিয়ে গেলেও ‘এল মেনচো’ তার দেহরক্ষীসহ সেখানে থেকে যান। পরের ২৪ ঘণ্টার মধ্যে মেক্সিকান বিশেষ বাহিনী ও ন্যাশনাল গার্ডের ‘স্পেশাল ইমিডিয়েট রিঅ্যাকশন ফোর্স’ চূড়ান্ত অভিযানের পরিকল্পনা সাজায়। সন্দেহ এড়াতে অভিযানে হেলিকপ্টারের সীমিত ব্যবহার করে স্থলবাহিনীকে বেশি প্রাধান্য দেওয়া হয়।

বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে সিএনএন জানিয়েছে, রোববার সকালে টাপালপার কেন্দ্রস্থলে সেনাবাহিনীর বেশ কিছু ইউনিট মোতায়েন করা ছিল। প্রেসিডেন্ট শেইনবাউম জানিয়েছেন, এই অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য শেয়ার করলেও কোনো স্থলবাহিনী পাঠায়নি।

নিরাপত্তা বাহিনী যখন আস্তানাটি ঘিরে ফেলে অগ্রসর হচ্ছিল, তখন ওসেগেরার প্রথম ধাপের নিরাপত্তারক্ষীরা গুলি ছুড়তে শুরু করে। টাপালপা কান্ট্রি ক্লাবের কাছে ‘কাবাহাস লা লোমা’ নামক একটি পর্যটন কেন্দ্রে দুপক্ষের মধ্যে এ লড়াইটি হয়। 

অভিযানের পর এল মেনচোর আস্তানা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। ছবি: রয়টার্স 

অভিযানের পর এল মেনচোর আস্তানা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী

সিএনএন-এর যাচাইকৃত ভিডিওতে দেখা যায়, সশস্ত্র বাহিনীর সদস্যরা ঢালু পাহাড় বেয়ে ওঠার সময় স্বয়ংক্রিয় অস্ত্রের গুলির শব্দ হচ্ছে এবং ঘন কালো ধোঁয়া বের হচ্ছে।

লড়াইয়ে মাদক চক্রের আট সদস্য নিহত এবং দুই সেনা সদস্য আহত হয়। এরই মধ্যে ওসেগেরা ও তার কয়েকজন সহযোগী পাশের জঙ্গলে পালিয়ে যান। ন্যাশনাল গার্ডের বিশেষ বাহিনীর একটি দল তাদের ধাওয়া করে। গুলি বিনিময়ের পর বনের ঝোপঝাড়ের ভেতর থেকে ওসেগুয়েরা ও তার দুই দেহরক্ষীকে গুরুতর আহত অবস্থায় আটক করা হয়। 

তাদের জীবন বাঁচাতে হেলিকপ্টারে করে গুয়াদালাজারার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করা হয়। তবে পথিমধ্যে হেলিকপ্টারেই তিনজনের মৃত্যু হয়। গুয়াদালাজারায় মাদক সন্ত্রাসী বাহিনীর সম্ভাব্য হামলা এড়াতে হেলিকপ্টারটি ঘুরিয়ে মোরিলিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয় এবং সেখান থেকে বিমানে করে মরদেহগুলো মেক্সিকো সিটিতে পাঠানো হয়।

সহিংসতার উন্মত্ততা ও শেইনবাউমের অবস্থান

নেমেসিও ওসেগেরা সের্বান্তেসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মাদক চক্রের সদস্যদের সহিংসতায় মেক্সিকোর বিশাল অংশ নরকে পরিণত হয়। তারা রাস্তায় আগুন জ্বালিয়ে ব্যারিকেড দেয় এবং সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এই বিশৃঙ্খলায় ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ জন সদস্য নিহত হয়। 

এল মেনচোর মৃত্যুর পর মেক্সিকোজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। ছবি: রয়টার্স 

এল মেনচোর মৃত্যুর পর মেক্সিকোজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে

এয়ারলাইন্সগুলো ওই অঞ্চলে ফ্লাইট স্থগিত করে এবং যুক্তরাষ্ট্র তার নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেয়।

সোমবার প্রেসিডেন্ট শেইনবাউম জনগণের উদ্দেশ্যে শান্তির আহ্বান জানিয়ে বলেন, “এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পুরো মেক্সিকোর নিরাপত্তা নিশ্চিত করা। জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন যে শান্তি ও স্বাভাবিকতা ফিরিয়ে আনতে কাজ চলছে।”

কেন এখন এই পদক্ষেপ?

বিশ্লেষকদের মতে, ট্রাম্প যখন সীমান্ত পেরিয়ে হস্তক্ষেপের হুমকি দিচ্ছেন, তখন শেইনবাউম প্রমাণ করতে চেয়েছেন যে তিনি অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছেন। 

তবে বিশ্বকাপের আগে এই ধরনের সহিংসতা পর্যটন খাতের জন্য একটি ‘ক্যালকুলেটেড রিস্ক’। এল মেনচোর মাথার ওপর যুক্তরাষ্ট্রের এক কোটি ৫০ লাখ ডলারের পুরস্কার ঘোষিত ছিল।

নিরাপত্তা বিশ্লেষক আরমান্ডো ভার্গাসের মতে, সরকার জানত যে এই অভিযানের পর সহিংসতা হবে, তবে তারা বিশ্বাস করে যে অল্প সময়ের মধ্যেই এই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব।